২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায়ীদের মত: তেলের দাম বাড়ানো 'মরার ওপর খাঁড়ার ঘা'

জ্বালানি তেল বিশেষ করে ডিজেলের দাম বাড়ায় শিল্পখাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বলে জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাইকারি ব্যবসায়ীরা বলছেন, নিশ্চিতভাবে আরেক দফা বাড়ছে সব ধরনের জিনিসপত্রের দাম। বিভিন্ন সমস্যার মধ্যে থাকা সাধারণ মানুষের জন্য তেলের দাম বৃদ্ধি হবে 'মরার উপর খাঁড়ার ঘা'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2008, 03:29 PM

Updated : 26 Aug 2022, 02:03 PM

ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানি তেল বিশেষ করে ডিজেলের দাম বাড়ায় শিল্পখাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বলে জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাইকারি ব্যবসায়ীরা বলছেন, নিশ্চিতভাবে আরেক দফা বাড়ছে সব ধরনের জিনিসপত্রের দাম। বিভিন্ন সমস্যার মধ্যে থাকা সাধারণ মানুষের জন্য তেলের দাম বৃদ্ধি হবে 'মরার উপর খাঁড়ার ঘা'। বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ভারপ্রাপ্ত সভাপতি সহিদুল ইসলাম মঙ্গলবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কোনো অবস্থাতেই ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানো ঠিক হয়নি। সরকারের এ সিদ্ধান্তের ফলে তৈরি পোশাকসহ সার্বিকভাবে সব ধরনের শিল্পখাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে।" পরিসংখ্যান দিয়ে সহিদুল ইসলাম বলেন, "বিজিএমইএ হিসাব করে দেখেছে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোয় প্রতি ইউনিটে (প্রতি ডজন পোশাক) উৎপাদন খরচ ৭০ পয়সা বাড়বে। এ হিসাবে বছরে এ খাতে কেবল উৎপাদন খরচই বাড়বে ৫০০ কোটি টাকা। এরসঙ্গে যোগ হবে পরিবহন ভাড়াসহ অন্যান্য বাড়তি খরচ।" বিজিএমইএ এর ভারপ্রাপ্ত সভাপতি জানান, বিদ্যুৎ সঙ্কটের কারণে এখন অধিকাংশ কারখানা চলছে ডিজেল চালিত জেনারেটর দিয়ে। এ কারণে ডিজেলের দাম বাড়ায় ছোট-বড় সব পোশাক কারখানায় উৎপাদন খরচ বাড়বে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ডিজেলের দাম বাড়ানোর বিষয়টি পুনর্বিবেচনার জন্য সরকারকে অনুরোধ জানান তিনি। এদিকে, জ্বালানি তেলের দাম বাড়ার কারণে চাল, ডাল, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় সব ধরনের পণ্যের দাম আরেক দফা বাড়বে বলে জানিয়েছেন ঢাকার পাইকারি বাজার মৌলভাবাজারের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মওলা। একবারে এত বেশি দাম বাড়ানোর সরকারের এ সিদ্ধান্ত সাধারণ মানুষের ওপর 'মরার উপর খাঁড়ার ঘা' হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা হিসাব করে দেখেছি, প্রতি লিটার ডিজেলের দাম ১৫ টাকা বৃদ্ধি করায় দিনাজপুরসহ যে কোনো সীমান্ত এলাকা বা চট্টগ্রাম বন্দর থেকে যে কোনো পণ্য ঢাকায় আনতে প্রতি কেজিতে পরিবহন খরচ এক টাকা বাড়বে। ফলে স্বাভাবিক নিয়মেই চাল, ডাল আটাসহ সব ধরনের পণ্যের দাম বেড়ে যাবে। বাড়বে মানুষের দুর্ভোগও।" উদাহরণ দিয়ে তিনি জানান, প্রতি লিটার ডিজেলের দাম ১৫ টাকা বাড়ানোয় দিনাজপুর থেকে এক ট্রাক পণ্য ঢাকায় আনতে ডিজেল বাবদ খরচ কমপক্ষে তিন হাজার টাকা বাড়বে। এ বাড়তি পরিবহন ব্যয় গিয়ে পড়বে মানুষের ওপর। তাদের বেশি দামে পণ্য কিনতে হবে। সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, 'জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে চালের মূল্যের ওপর কি ধরনের প্রভাব পড়তে পারে তা বিশ্লেষণ করে দেখা গেছে দিনাজপুর ও রাজশাহী থেকে বর্তমানে প্রতি টন চাল ঢাকায় আনতে পরিবহন খরচ হয় যথাক্রমে ১ হাজার ২৯৮ টাকা ও ১ হাজার ১৩৪ টাকা। এ হিসাবে প্রতি কেজি চালের পরিবহন ব্যয় দাঁড়ায় যথাক্রমে ১ দশমিক ২৯৮ টাকা ও ১ দশমিক ১৩৪ টাকা। ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে এ ব্যয় সর্বোচ্চ ১ দশমিক ৪৯৩ টাকা ও ১ দশমিক ৩০৪ টাকা হতে পারে। অর্থাৎ প্রতি কেজিতে বৃদ্ধি পাচ্ছে যথাক্রমে দশমিক ১৯৫ টাকা ও দশমিক ১৭০ টাকা।' সরকারের এ হিসেব সম্পর্কে জানতে চাইলে গোলাম মওলা বলেন, "সরকারের হিসাব সরকারের কাছে, আমাদের হিসাবে পণ্য পরিবহন ব্যয় কেজিপ্রতিতে এক টাকা করে বাড়বে।" এদিকে, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক এম আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তেলের দাম বাড়ার কারণে স্বাভাবিকভাবেই বাসা