২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাস-বিদ্যুতের দামও বাড়বে: এম তামিম

জ্বালানি তেলের দাম প্রায় ৪০ শতাংশ বৃদ্ধির পর এবার গ্যাস ও বিদ্যুতের দামও বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার। এনার্জি রেগুলেটরি কমিশন (ইআরসি) বিষয়টি চূড়ান্ত করবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এম তামিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2008, 02:42 PM

Updated : 26 Aug 2022, 02:03 PM

ঢাকা, জুলাই ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানি তেলের দাম প্রায় ৪০ শতাংশ বৃদ্ধির পর এবার গ্যাস ও বিদ্যুতের দামও বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার। এনার্জি রেগুলেটরি কমিশন (ইআরসি) বিষয়টি চূড়ান্ত করবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এম তামিম। সচিবালয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কার্যালয়ে মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন, "সিএনজি ও পেট্রোলিয়াম জাতীয় পণ্যের বিষয়টি দেখে সরকার। আর সেবা জাতীয় সার্ভিস বিদ্যুৎ ও গ্যাসের মূল্য নির্ধারণ করবে এনার্জি রেগুরেটরি কমিশন। এজন্য এগুলোর দাম বাড়ানোর বিষয়টি তারাই দেখবে। তবে এসবের দাম যে বাড়বে তা নিশ্চিত বলা যেতে পারে।" জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, "আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার কারণে বিশ্বের প্রতিটি দেশের অবস্থাই টালমাটাল। এর ধাক্কা কি শুধু সরকারকে একা সামাল দিতে হবে? সরকার, ব্যবসায়ী ও জনগণ সবাই মিলেই এটি সামলাতে হবে।" তেলের বর্ধিত দামের কারণে যানবাহনের ভাড়া কতটা বাড়তে পারে- প্রশ্নের জবাবে এম তামিম বলেন, "এখন সবমিলিয়ে প্রতি কিলোমিটারে ভাড়া সর্বোচ্চ এক টাকা পাঁচ পয়সা থেকে এক টাকা আট পয়সা হতে পারে। তেলের দাম বাড়ায় আগের চেয়ে ভাড়া বাড়বে সর্বোচ্চ ১৩ থেকে ১৫ শতাংশ পর্যন্ত।" তিনি জানান, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে এ মাসের মধ্যেই ডিজেল চালিত যানবাহন উঠে যাবে। এসব এলাকায় ভবিষ্যতে ডিজেল চালিত যানবাহনের আর কোন অনুমোদন দেয়া হবে না। জ্বালানি তেলের দাম বাড়ায় কৃষিখাতে বিরূপ প্রভাব পড়ার আশংকা প্রসঙ্গে তিনি বলেন, কৃষিখাতে ডিজেল বাবদ সরকার গত বছর ভর্তুকি দিয়েছে ২৫০ কোটি টাকা। এবার ডিজেলের জন্য ভর্তুকি ৫৪০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। প্রয়োজনের ভর্তুকির পরিমান আরো বাড়ানো হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/এমএইচবি/২০৩৩ ঘ.