২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাম বাড়ল জ্বালানি তেলের

সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। সোমবার রাত ১২টা থেকে এই নতুন দাম কার্যকর হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2008, 02:16 PM

Updated : 26 Aug 2022, 02:03 PM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ৪০ টাকা থেকে ১৫ টাকা বাড়িয়ে করা হয়েছে ৫৫ টাকা। পেট্রোল ৬৫ টাকা থেকে ২২ টাকা বাড়িয়ে ৮৭ টাকা এবং অকটেন ৬৭ টাকা থেকে ২৩ টাকা বাড়িয়ে ৯০ টাকা করা হয়েছে। এই হিসাবে ডিজেল ও কেরোসিনের দাম বাড়ছে ৩৭ দশমিক ৫ শতাংশ। আর পেট্রোল ও অকটেনের দাম যথাক্রমে ৩৩ দশমিক ৮৪ শতাংশ ও ৩৪ দশমিক ৩২ ওশতাংশ বাড়ছে। সোমবার রাত ১২টা থেকে এই নতুন দাম কার্যকর হবে। এছাড়া প্রতি সিলিন্ডার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) ১০০০ টাকা এবং প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ৩০ টাকা নির্ধারণ করেছে সরকার। আগে প্রতি সিলিন্ডার এলপিজি'র দাম ৬০০ টাকা এবং প্রতি লিটার ফার্নেস অয়েল ২০ টাকা ছিল। সোমবার রাতে জ্বালানি মন্ত্রণালয় দাম বাড়ানোর এ ঘোষণা দেয়। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ম তামিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় নিরুপায় হয়ে আমাদেরও দাম বাড়াতে হল।" যোগাযোগ মন্ত্রণালয়ের বরাত দিয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫৫ টাকা করে প্রতি লিটার ডিজেল বিক্রি করায় প্রতি কিলোমিটারে যাত্রী ভাড়া হয় ১ টাকা ৫ পয়সা। আর মালামাল পরিবহনে ব্যয় বাড়বে ৩২ থেকে ৪০ শতাংশ। এর আগে গত ২৪ এপ্রিল ঘনীভুত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম সাড়ে ৮ টাকা থেকে বাড়িয়ে ১৬ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করা হয়। সরকার সর্বশেষ ২০০৭ সালের এপ্রিলে জ্বালানি তেলের দাম পুনঃনির্ধারণ করে। তখন আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি তেলের দাম ছিল ৬০ ডলার। আর সোমবার আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল তেল ১৪২ ডলারে বিক্রি হয়েছে। জ্বালানি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জ্বালানি খাতে ভর্তুকির পরিমাণ বাড়তে থাকায় ঘাটতি মোকাবেলায় সরকার তেলের দাম বাড়নোর সিদ্ধান্ত নিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, তেলের দাম বৃদ্ধির কারণে এ খাতে লোকসানের পরিমাণ ১৭ হাজার কোটি টাকা থেকে ১০ হাজার কোটি টাকায় নেমে আসবে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তথ্য অনুযায়ী, ব্যাংকগুলোর কাছে প্রতিষ্ঠানটির দেনার পরিমাণ ৩ হাজার ২০০ কোটি টাকা। বিপিসির হিসাব অনুযায়ী, আগের দামে জ্বালানি তেল বিক্রি করতে গিয়ে সরকারকে প্রতি লিটার ডিজেলে ৩৫ টাকা এবং কেরোসিনে ৩৪ টাকা করে ভর্তুকি দিতে হতো। আগে অকটেন বিক্রি করে বিপিসি লাভ করত। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় এখন অকটেনেও ভর্তুকি দিতে হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/এমএইচবি/২০১২ ঘ.