২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে উৎপাদন বাড়ানোর বিকল্প নেই: অর্থ উপদেষ্টা

খাদ্য নিরাপত্তায় কৃষি উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়ে অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেছেন, স্থানীয় উৎপাদন বাড়ানো ছাড়া আমদানি করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা কোনোভাবেই সম্ভব নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2008, 07:58 AM

Updated : 26 Aug 2022, 02:03 PM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্য নিরাপত্তায় কৃষি উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়ে অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেছেন, স্থানীয় উৎপাদন বাড়ানো ছাড়া আমদানি করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা কোনোভাবেই সম্ভব নয়। সোমবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী 'জাতীয় বীজ সম্মেলন ও মেলা-২০০৮' এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, "ভারত, চীন, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশে আয় বৃদ্ধিজনিত কারণে খাদ্যের চাহিদা ব্যাপক বেড়ে গেছে। অন্যদিকে জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীব্যাপী খাদ্য নিরাপত্তা ব্যবস্থা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে।" তিনি বলেন, "এ পরিস্থিতিতে দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে কৃষি উৎপাদন বাড়ানো ছাড়া আমাদের সামনে বিকল্প কোনও পথ নেই।" উপদেষ্টা বলেন, "আমাদের জনসংখ্যা এবং মাথাপিছু আয় বাড়ার কারণে খাদ্যের চাহিদা বেড়েছে। একইসঙ্গে জলবায়ু পরিবর্তনের ফলে চাষযোগ্য জমির পরিমাণ কমে যাচ্ছে। এ অবস্থায় বিশ্ববাজার থেকে খাদ্য আমদানি করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা খুবই কঠিন হয়ে পড়েছে।" মির্জ্জা আজিজুল বলেন, "খাদ্য উৎপাদন বাড়াতে কৃষি গবেষণাসহ বিভিন্ন খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপশি ডিজেল ও সারসহ বিভিন্ন খাতে ভর্তুকির পরিমাণ বাড়াতে হবে।" কৃষকরা যাতে তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায়, সে জন্য কৃষি পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। উপদেষ্টা বলেন, "সময়ের আবর্তনে কৃষি খাতের ভূমিকা আপেক্ষিকভাবে হ্রাস পাচ্ছিল। বাংলাদেশেও এ ধারা অব্যাহত ছিল। আমাদের জাতীয় আয়ে কৃষি খাতের অবদান কম হলেও কর্মসংস্থানের ক্ষেত্রে এ খাতের অবদান ৬০ শতাংশের বেশি।" কৃষি উৎপাদন বাড়াতে ভালো বীজের প্রয়োজনীয়তা অপরিহার্য জানিয়ে উপদেষ্টা বলেন, "কৃষকদের ভালো বীজ প্রাপ্তিতে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে।" অনুষ্ঠানে কৃষি উপদেষ্টা সিএস করিম বলেন, "খাদ্য সমস্যা এখন বিশ্বব্যাপী। জলবায়ু পরিবর্তনের ফলে খাদ্য উৎপাদন কমে যাচ্ছে। এ পরিস্থিতিতে খাদ্য উৎপাদন বাড়াতে আমাদের নতুনভাবে চিন্তা করতে হবে।" তিনি বলেন, "গত বছর পরপর দুই দফা বন্যা ও ঘূর্ণিঝড় সিডরের কারণে ফসল উৎপাদনসহ আমাদের কৃষিখাতের ব্যাপক ক্ষতি হয়েছে। বোরোর বাম্পার ফলন হওয়ায় আমরা সে ক্ষতি কিছুটা কাটিয়ে উঠতে পেরেছি। তবে আত্মতুষ্টিতে না থেকে আগামী আমন ধানসহ অন্যান্য কৃষি উৎপাদন বাড়ানোর দিকেও মনোযোগ দিতে হবে।" কৃষি উৎপাদন বাড়াতে পারলে স্থানীয়ভাবে খাদ্য নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি বিশ্ববাজারে কৃষিপণ্য রপ্তানি করে মোটা অংকের বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে বলেও আশা করছেন উপদেষ্টা। সিএস করিম বলেন, "কৃষি উৎপাদন বাড়াতে উন্নতমানের বীজের ওপর আমাদের বিশেষ গুরুত্ব দিতে হবে।" মুনাফার কথা চিন্তা না করে উন্নতমানের বীজ সরবরাহের জন্য এ খাত সংশ্লিষ্ট বেসরকারি পর্যায়ের সবার প্রতি আহ্বান জানান তিনি। কৃষি মন্ত্রণালয় আয়োজিত এ মেলায় আরও বক্তব্য রাখেন কৃষি সচিব এম আব্দুল আজিজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এফএফ/এমআই/১৩৫১ ঘ.