২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়ল করমুক্ত আয়ের সীমা, বাড়ল মুক্তিযোদ্ধাদের ভাতা

ব্যক্তিশ্রেণির করদাতাদের করমুক্ত আয়ের সীমা দেড় লাখ টাকা থেকে বাড়িয়ে এক লাখ ৬৫ হাজার টাকা করার সিদ্ধান্ত হয়েছে। নারী ও সত্তরোর্ধ্ব ব্যক্তিদের করমুক্ত আয়ের সীমা এক লাখ ৬৫ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে এক লাখ ৮০ হাজার টাকা। বাড়ানো হয়েছে অস্বচ্ছল ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের ভাতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2008, 01:07 PM

Updated : 26 Aug 2022, 02:03 PM

ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যক্তিশ্রেণির করদাতাদের করমুক্ত আয়ের সীমা দেড় লাখ টাকা থেকে বাড়িয়ে এক লাখ ৬৫ হাজার টাকা করার সিদ্ধান্ত হয়েছে। নারী ও সত্তরোর্ধ্ব ব্যক্তিদের করমুক্ত আয়ের সীমা এক লাখ ৬৫ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে এক লাখ ৮০ হাজার টাকা। বাড়ানো হয়েছে অস্বচ্ছল ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের ভাতা। এসব সংশোধনী চূড়ান্ত করে ২০০৮-২০০৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেট রোববার অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে তার কার্যালয়ে বিকেলে পরিষদের বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব ফাহিম মুনয়েম পরে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, "উপদেষ্টা পরিষদ আজকের (রোববার) বৈঠকে ব্যক্তিশ্রেণির করদাতাদের করমুক্ত আয়ের সীমা দেড় লাখ টাকা থেকে বাড়িয়ে এক লাখ ৬৫ হাজার টাকা করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া, নারী ও সত্তরোর্ধ্ব ব্যক্তিদের করমুক্ত আয়ের সীমা এক লাখ ৬৫ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে এক লাখ ৮০ হাজার টাকা।" প্রেস সচিব জানান, অর্থ উপদেষ্টা গত ৯ জুন বাজেট পেশের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের কাছ থেকে বিভন্ন মতামত ও প্রস্তাব এসেছিল। এর ভিত্তিতে বিভিন্ন খাতে কিছু সুযোগ-সুবিধা বাড়ানো এবং কমানো হয়েছে। ফাহিম মুনয়েম বলেন, "অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা প্রস্তাবিত বাজেটের চেয়ে ৫০ শতাংশ বাড়িয়ে নয়শ টাকা করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে তাদের জন্য মাসিক ৬০০ টাকা করে ভাতা দেওয়ার কথা বলা হয়েছিল। এছাড়া যুদ্ধাহত ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মাসিক ভাতা ৫০ শতাংশ বাড়ানো হয়েছে। এতোদিন নয়টি ক্যাটাগরিতে যুদ্ধাহত ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা সর্বনিম্ন তিন হাজার থেকে ১২ হাজার টাকা পর্যন্ত ভাতা পেতেন। উপদেষ্টা পরিষদের বৈঠকে তা বাড়িয়ে সাড়ে চার থেকে ১৮ হাজার টাকা পর্যন্ত করা হয়েছে।" সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরাও সরকারি অনুদানের ২০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন জানিয়ে ফাহিম মুনয়েম বলেন, "কমিউনিটি স্কুলের শিক্ষক-কর্মচারীরাও সরকারি অনুদানের ২০ শতাংশ মহার্ঘ ভাতা পাবেন। কমিউনিটি স্কুলের শিক্ষক-কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থ বিভাগের থোক বরাদ্দ থেকে দেওয়া হবে।" বৈঠকে এমএস রডের কাঁচামাল (এমএস ইনগট বিলেট) আমদানির ক্ষেত্রে সুনির্দিষ্ট শুল্ক প্রতি টনে আড়াই হাজার টাকা করা হয়েছে বলে জানান তিনি। এছাড়া, উপদেষ্টা পরিষদ ঢেউটিনের কাঁচামাল জিংক ইনগট আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে সাত শতাংশ করেছে। বিমানের ইঞ্জিনে ব্যবহত যন্ত্রাংশ আমদানিতে তিন শতাংশ রেয়াতি শুল্পের পরিবর্তে শূন্য শুল্ক করা হয়। রোববারের বৈঠকে স্যাটেলাইট চ্যানেল ডিস্ট্রিবিউটরদের ক্ষেত্রে সম্পূরক শুল্ক ৩৫ শতাংশ কমিয়ে ২৫ শতাংশ করেছে উপদেষ্টা পরিষদ। দেশি কাগজ শিল্পের স্বার্থ সংরক্ষণে ছাপানো কাগজ আমদানির ক্ষেত্রে নতুন করে ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। শিশুদের ছবির বই, ছবি আঁকার বই এবং কালার বক্সের উপর বিদায়ী বাজেটে আমদানি শুল্ক ১০ শতাংশ ছিল। নতুন বাজেটে এ হার বাড়িয়ে ২৫ শতাংশ করার কথা ছিল। একইসঙ্গে ১৫ শতাংশ ভ্যাট আরোপেরও প্রস্তাব করা হয় সেখানে। তবে উপদেষ্টা পরিষদ রোববার তা সংশোধন করে ১৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব প্রত্যাহার এবং আমদানি শুল্ক কমিয়ে সাত শতাংশ নির্ধারণ করেছে। প্রস্তাবিত বাজেটে রাইটিং ও প্রিন্টিং পেপারের উপর ২৫ শতাংশ আমদানি শুল্কের পরিবর্তে ১২ শতাংশ হারে শুল্ক নির্ধারণের প্রস্তাব ছিল। কিন্তু অনুমোদিত বাজেটে আগের ২৫ শতাংশ আমদানি শুল্কই বহাল রাখা হয়েছে। উৎপাদন পর্যায়ে প্রতি জোড়া প্লাস্টিক ও রাবার-এর হাওয়াই চপ্পল এবং প্লাস্টিক পাদুকার ক্ষেত্রে ৬০ টাকা মূল্যসীমা পর্যন্ত ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। আগে এ সীমা ছিল ৪৫ টাকা পর্যন্ত। প্রিমিয়াম সেগমেন্ট-এর সিগারেটে সম্পূরক শুল্ক হার শতকরা ৫৭ টাকা অপরিবর্তিত রেখে ওই সিগারেটের মূল্য নির্ধারণী স্ল্যাব ৩৫ টাকা থেকে ৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। বৈঠকে নির্দিষ্টকরণ অধ্যাদেশ ২০০৮, নির্দিষ্টকরণ অধ্যাদেশ (সম্পূরক) ২০০৮ এবং অর্থ অধ্যাদেশ ২০০৮ অনুমোদন করা হয়। সোমবার এগুলো রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। তিনি স্বাক্ষর করলে অধ্যাদেশগুলো আনুষ্ঠানিকভাবে জারি হবে। এর আগে গত শনিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রস্তাবিত বাজেটের ওপর বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের কাছ থেকে মতামত চাওয়া হয়েছিল। মতামত দাতাদের অধিকাংশই করমুক্ত আয়ের সীমা বাড়ানোর অনুরোধ করেছিলেন। এ বিষয়টি বিবেচনা করেই সরকার শেষ মুহূর্তে এ সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে তা কী পরিমাণ বাড়বে তা উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনার মাধ্যমে ঠিক করা হবে। এ সীমা দেড় লাখ টাকা থেকে বাড়িয়ে এক লাখ ৬৫ হাজার টাকা করা হতে পারে এমন গুঞ্জন সম্পর্কে প্রশ্ন করা হলে এনবিআর চেয়ারম্যান বলেন, "বাড়ানো হবে। তবে এক লাখ ৬৫ হাজার টাকা করা হবে, না কি তার চেয়েও বেশি করা হবে- তা উপদেষ্টা পরিষদের বৈঠকেই চূড়ান্ত হবে।" বিদায়ী ২০০৭-০৮ অর্থবছরে ব্যক্তিশ্রেণির করদাতাদের করমুক্ত আয়ের সীমা ছিল দেড় লাখ টাকা। ২০০৮-০৯ অর্থ বছরের বাজেটেও এ সীমা একই রাখার প্রস্তাব করেছিলেন অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। গত ২০০৬-০৭ অর্থ বছরে এ সীমা ছিল এক লাখ ২০ হাজার টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি/এআরএইচ/এসএনডি/এমএইচবি/২০৫৫ ঘ.