ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন আমন মৌসুমে সঙ্কট এড়াতে সার আমদানি প্রক্রিয়া দ্রুত করতে সরকারি ক্রয় নীতিমালা (পিপিআর) কিছুটা পরিবর্তন করা হয়েছে।
এতদিন সার আমদানির ক্ষেত্রে ৪২ দিনের মধ্যে দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করতে হতো। এখন তা কমিয়ে ৩০ দিন করা হয়েছে। আর পুনঃদরপত্রের সময়সীমা ২৮ দিন থেকে কমিয়ে ১৪ দিনে নামিয়ে আনা হয়েছে।
রোববার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলামের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্তউপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
বৈঠকে কয়েকটি দেশ থেকে সরকার-টু-সরকার চুক্তির মাধ্যমে ইউরিয়া ব্যাতিত অন্য সব সার আমদানি সংক্রান্ত প্রস্তাবও অনুমোদিত হয়েছে।
অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, "আমন মৌসুমকে সামনে রেখে সার আমদানির ক্ষেত্রে পিপিআরে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এতোদিন এক্ষেত্রে ৪২ দিনের মধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করতে হতো। এখন তা কমিয়ে ৩০ দিনে নামিয়ে আনা হয়েছে। অন্যদিকে ২৮ দিনের মধ্যে রি-টেন্ডার সম্পন্ন করতে হতো। এখন তা ১৪ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে।"
বিশ্ববাজারে সারের দামের অস্থিরতার বিষয়টি বিবেচনায় রেখে আমদানির মাধ্যমে সারের মজুদ গড়ে তুলতে আগামী এক বছরের জন্য সার আমদানির ক্ষেত্রে পিপিআরে এ পরিবর্তন আনা হয়েছে বলে জানান আজিজুল ইসলাম।
কিছুদিন পরে টাকা দিয়েও সার পাওয়া যাবে না- অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞদের এমন আশঙ্কার কথা উপদেষ্টাকে জানানো হলে তিনি বলেন, "বিশ্ববাজারে সারের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। এ কারণেই তারা এমন আশঙ্কার কথা বলছেন। তবে দেশে যাতে কোনো অবস্থাতেই সার সঙ্কট দেখা না দেয়, সে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।"
অর্থ উপদেষ্টা জানান, কৃষি উপদেষ্টা সিএস করিম স
bdnews24