২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসই'র লেনদেন কমে ২০০ কোটি টাকার নিচে

বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় রোববার দেশের দুই পুুঁজিবাজারেই সূচক ও লেনদেন কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে দিনের মোট লেনদেন গত তিন মাসের মধ্যে প্রথমবারের মতো ২০০ কোটি টাকার নিচে নেমে এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2008, 12:38 PM

Updated : 26 Aug 2022, 02:01 PM

ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় রোববার দেশের দুই পুুঁজিবাজারেই সূচক ও লেনদেন কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে দিনের মোট লেনদেন গত তিন মাসের মধ্যে প্রথমবারের মতো ২০০ কোটি টাকার নিচে নেমে এসেছে। মধ্যস্ততাকারী প্রতিষ্ঠান আনোয়ার সিকিউরিটিজের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিনিয়োগকারীরা এদিন শেয়ার বিক্রির আবেদনই করেছেন বেশি। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকে বড় ধরনের পতন হয়েছে। বিশ্লেষকরা বলছেন, বাজার পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তার কারণে চট্টগ্রামের বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে দিচ্ছেন। একই কারণে সার্বিক লেনদেন কমেছে। মধ্যস্ততাকারী প্রতিষ্ঠান এইমস বাংলাদেশের প্রধান নির্বাহী ও বাজার বিশ্লেষক ইয়াওয়ের সাইদ বলেন, "দিনের লেনদেন পরিস্থিতি থেকে মনে হচ্ছে বাজারের অনিশ্চিত অবস্থা নিয়ে বিনিয়োগকারীদের ভীতি কাটেনি। এ কারণেই তারা শেয়ার ছেড়ে দিচ্ছেন।" গত কয়েকদিন ধরে বাজার পরতে থাকায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। দিন শেষে ডিএসইতে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৫৫ দশমিক ৬৫ পয়েন্ট বা এক দশমিক ৮৩ শতাংশ কমে ২৯৮৫ দশমিক ০৪ পয়েন্ট হয়েছে। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৪৪ দশমিক ৮২ পয়েন্ট বা এক দশমিক ৭৩ শতাংশ কমেছে, হয়েছে ২৫৩৫ দশমিক ৪৩ পয়েন্ট। এছাড়া ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ২৩ দশমিক ৫৬ পয়েন্ট বা দশমিক ৯২ শতাংশ কমে ২৫১৩ দশমিক ৮৯ পয়েন্ট হয়েছে। রোববার এ বাজারে ১৮৩ কোটি টাকার এক কোটি ২৬ লাখ ৪৪ হাজার ৬৭০টি শেয়ার লেনদেন হয়েছে। এর আগে বৃহস্পতিবার ২২৭ কোটি টাকার এক কোটি ৪৬ লাখ ৬৫ হাজার ৩০২টি শেয়ার লেনদেন হয়েছিল। লেনদেনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২০টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২০৪টির এবং অপরিবর্তিত ছিল ৭টির দাম। তালিকার শীর্ষে থাকা বেক্সিমকো ফার্মার শেয়ারের দাম ৪ দশমিক ৭৫ শতাংশ কমে ৯৬ টাকা ২০ পয়সা হয়েছে। স্কয়ার ফার্মার শেয়ারের দাম দশমিক ১৬ শতাংশ কমে হয়েছে ৫১৪০ টাকা ২৫ পয়সা। এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম ৪ দশমিক ৬৩ শতাংশ কমে ১৯ টাকা ৫৫ পয়সা হয়েছে। শাহজালাল ইসলামী ব্যাংকের শেয়ারের দাম ২ দশমিক ১৬ শতাংশ কমে হয়েছে ৩৩৯ টাকা ৫০ পয়সা। এ ছাড়া লঙ্কাবাংলা ফিনান্সের শেয়ারের দাম ১ দশমিক ৩৫ শতাংশ কমে ১৮১ টাকা ৪০ পয়সা হয়েছে। অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে লাফার্জ সুরমা সিমেন্ট, এবি ব্যাংক, কেয়া কসমেটিক্স এবং আইএফআইসি ব্যাংকের শেয়ারের দাম কমেছে। তবে অপরিবর্তিত রয়েছে উত্তরা ব্যাংকের শেয়ারের দাম। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সব সূচক নিম্নমুখী ছিল। এ বাজারে সিএসসিএক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ৯৮ দশমিক ৩৮ পয়েন্ট বা এক দশমিক ৬৬ শতাংশ কমে হয়েছে ৫৮১৫ দশমিক ৩৯ পয়েন্ট। সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ১৪১ দশমিক ০৬ পয়েন্ট বা এক দশমিক ৫৪ শতাংশ কমে হয়েছে ৮৯৯৭ দশমিক ৭৯ পয়েন্ট। এছাড়া সিএসই-৩০ ব্লুচিপ শেয়ার সূচক ১০৬ দশমিক ২৯ পয়েন্ট বা এক দশমিক ৩২ শতাংশ কমে ৭৯২৪ দশমিক ৮৯ পয়েন্ট হয়েছে। সিএসইতে ২৮ কোটি ৮১ লাখ ৩০ হাজার টাকার ২৫ লাখ ৮৪ হাজার ২৩২টি শেয়ার লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার ৩৬ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এ বাজারে ৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ১৩৪টির দাম কমেছে এবং দুটির দাম অপরিবর্তিত ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/জেকে