২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠপর্যায়ে দুর্নীতি কমা নিয়ে সংশয় অর্থ উপদেষ্টার

বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দেশে বড় দুর্নীতি অনেক কমেছে দাবি করলেও অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলামের ধারণা: প্রশাসনের মাঠ পর্যায়ে দুর্নীতির মাত্রা এখনো নাও কমতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2008, 02:43 PM

Updated : 26 Aug 2022, 02:00 PM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দেশে বড় দুর্নীতি অনেক কমেছে দাবি করলেও অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলামের ধারণা: প্রশাসনের মাঠ পর্যায়ে দুর্নীতির মাত্রা এখনো নাও কমতে পারে। রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে বৃহস্পতিবার দুপুরে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ছয় নির্বাহী পরিচালকের সঙ্গে বৈঠক শেষে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সময়ে সরকারের উপরের দিকে দুর্নীতি অনেক কমেছে- এটা আমি নিশ্চিত। সরকারের উপদেষ্টা, বিশেষ সহকারী, বড় কর্মকর্তাদের কেউই দুর্নীতির সঙ্গে জড়িত নন। কারো বিরুদ্ধেই কোনো মহল থেকে কোনো অভিযোগ আসেনি।" এর একদিন আগে দুর্নীতি পর্যবেক্ষণ সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ (টিআইবি) এর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, দেশে দুর্নীতিবিরোধী জোরদার অভিযান চলছে বলে সরকার দাবি করলেও বিগত দুই সরকারের আমলের মতো দুর্নীতি এখনো অব্যাহত রয়েছে। এতে বলা হয়, ২০০৬ এর তুলনায় ২০০৭-এ শিক্ষা, স্বাস্থ্য, ভূমি প্রশাসন, স্থানীয় সরকার ও এনজিও খাতে দুর্নীতি তথা ঘুষ দেওয়ার হার বেড়েছে। সব মিলিয়ে ২০০৬ এর তুলনায় দুর্নীতির ব্যাপকতা কোন কোন খাতে সামান্য কমেছে। আবার বেশ কিছু খাতে বেড়েছে। ওই প্রতিবেদনের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি অর্থ উপদেষ্টা। তবে তিনি বলেন, শুধু সংখ্যা দিয়ে দুর্নীতির বিচার করা উচিত নয়। কোথায় দুর্নীতি হচ্ছে বা কারা সেটি করছে তা বিচার করেই তথ্য প্রকাশ করতে হবে। মির্জ্জা আজিজুল বলেন বলেন, "দুর্নীতি আমাদের সমাজে নতুন কিছু নয়। যখন ছোট ছিলাম তখন থেকেই দুর্নীতির কথা শুনে আসছি। রাতারাতি এ সংস্কৃতি থেকে বের হওয়া যাবে সেটি ভাবা ঠিক নয়। টিআইব বলেছে, অনেক ক্ষেত্রে দুর্নীতি কমেছে। এক্ষেত্রে আমি বলতে পারি আমার মন্ত্রণালয়ে, বিশেষ করে করের ক্ষেত্রে দুর্নীতি অনেক কমেছে।" অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে এডিবি'র প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংস্থার পরিচালনা পর্ষদের অষ্ট্রিয়া, জার্মানি, তুরস্কের ও যুক্তরাজ্যের নির্বাহী পরিচালক সিবাস্ট্রিন পোস্ট। সিবাস্টিয়ান বলেন, "বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের নেওয়া সংস্কার কর্মসূচি পরবর্তী নির্বাচিত সরকার অব্যহত রাখলে দেশের জন্য মঙ্গল হবে।" দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, "বাংলাদেশের ক্ষেত্রে এটি একটি বড় সমস্যা। এ কারণে উন্নয়ন ব্যাহত হচ্ছে। দুর্নীতি কমাতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাড়ানোর বিষয়টি সরকার বিবেচনা করতে পারে। তারা ভালো বেতন-ভাতা পেলে দুর্নীতির মাত্রা অনেকাংশে কমে আসবে।" অনেক বাধা সত্ত্বেও বাংলাদেশের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ জিডিপি প্রবৃদ্ধি অন্য অনেক দেশের তুলনায় ভালো রয়েছে মন্তব্য করে সিরাস্টিয়ান বলেন, "তবে জ্বালানি তেল ও আন্তর্জাতিক বাজারে খদ্যপণ্যের দাম বৃদ্ধি দেশটিকে বড় ধরেনের চ্যালেঞ্জের দিকে নিয়ে গেছে। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগও দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করছে।" দীর্ঘমেয়াদে অবকাঠামোগত উন্নয়নের স্বার্থে বিদ্যুৎ সমস্যার সমাধান, সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে পরামর্শ দেন তিনি। এদিকে, টিআইবির প্রতিবেদন সম্পর্কে সরকারের প্রভাবশালী দুই উপদেষ্টা বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন তারা সেটি পাননি। প্রতিবেদনের কপি হাতে পেলে এ সম্পর্কে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে। টিআইবির প্রতিবেদনে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত হিসেবে চিহ্নিত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আনোয়ারুল ইকবাল সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "প্রতিবেদনে কী আছে, তা এখনো আমি জানি না। সংস্থাটির কাছে প্রতিবেদনের কপি চাওয়া হয়েছে। সেটি হাতে পেলে পর্যালোচনার পর মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।" অন্যদিকে, শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেন, "প্রতিবেদনটিতে কী রয়েছে, তা আমার দেখা হয়নি। তবে আমি মনে করি, এসব বিষয় যত বস্তুনিষ্ঠ হয় ততোই ভাল।" তিনি দাবি করেন, "অনেকক্ষেত্রেই ধারণাগত আলোচনা থেকে এসব প্রতিবেদন করা হয়। এ প্রক্রিয়া থেকে মুক্ত হওয়া দরকার। বস্তুনিষ্ঠ আলোচনা ও তথ্য থেকে এমন প্রতিবেদন করা প্রয়োজন, যার ভিত্তিতে পদক্ষেপ নেয়া যায়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমকে/এসএনডি/এমএইচবি/২০৩৬ ঘ.