ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাদামাটা লেনদেনের মধ্য দিয়ে মঙ্গলবার ঢাকার পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে। এদিন আগের দিনের তুলনায় সূচক বাড়লেও কমেছে লেনদেনের অঙ্ক। মূলত বাজার স্থিতিশীল রাখতে নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপের কারণেই এমনটি হচ্ছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ বেশক'টি কোম্পানির শেয়ার লেনদেনের ওপর নিয়ন্ত্রণ আরোপ করে। এরমধ্যে ডেল্টা লাইফ, গ্লোবাল, অগ্রণী, এশিয়া প্যাসিফিক, ইস্টার্ন ও মার্কেন্টাইল ইন্স্যুরেন্স এবং বিজিআইসির শেয়ার লেনদেন কর্তৃপক্ষ স্থগিত করেছে।
শেয়ার মধ্যস্বত্ত প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন, নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এতে আগের দিনের তুলনায় লেনদেন কমে যায়।
বিশ্লেষকরা বাজারের ওপর নিয়স্ত্রক সংস্থার এই পদক্ষেপকে 'অপ্রয়োজনীয় হস্তক্ষেপ' বলেই মনে করছেন। তারা বলছেন, এতে বাজার স্বাভাবিক গতি হারাবে।
এ ব্যাপারে বিনিয়োগ বিশেষজ্ঞ বশির আহমেদ বলেন, "ডিএসই কর্তৃপক্ষ তাদের এই কথিত অনুসন্ধান থেকে তেমন লাভবান হবে না।" এতে বাজারে লেনদেনের স্বাভাবিক গতি নষ্ট হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
বশির আহমেদ বলেন, কোম্পানিগুলোর ওপর নজরদারি না করে লেনদেনকারীদের ওপরই করা উচিত।
ঢাকা স্টক এক্সচেঞ্জে মঙ্গলবার দিনের প্রথম আড়াই ঘণ্টা সূচক ছিল ওঠা-নামার মধ্যে। দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৬ দশমিক ১৩ পয়েন্ট বা শূন্য দশমিক ১০ শতাংশ বেড়ে ৩০৪৬ দশমিক ৯৩ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৫ দশমিক ৬২ পয়েন্ট বা শূন্য দশমিক ২১ শতাংশ বেড়ে হয় ২৫৮৫ দশমিক ২৪ পয়েন্ট। ডিএসই- ২০ ব্লুচিপ শেয়ার সূচক ২ দশমিক ৬৯ পয়েন্ট বা শূন্য দশমিক ১০ শতাংশ বেড়ে ২৫৪০ দশমিক ৩০ পয়েন্ট হয়।
এদিন ডিএসইতে ২৪০ কোটি টাকার ১ কোটি ৬০ লাখ ৭৬ হাজার ১২টি শেয়ার লেনদেন হয়। এর আগে সোমবার মোট লেনদেন হয় ২৪২ কোটি টাকার ১ কোটি ৮৫ লাখ ৬৬ হাজার ৮৭২ টি শেয়ার। বাজারে লেনদেনকৃত বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে ১১৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১০৫ টির এবং অপরিবর্তিত ছিল ১২ টির দাম।
লেনদেনের তালিকার শীর্ষে থাকা বেক্সিমকো ফার্মার শেয়ারের দাম সাত দশমিক ১২ শতাংশ বেড়ে ১০৩ টাকা ৮০ পয়সা হয়। স্কয়ার ফার্মার শেয়ারের দাম শূন্য দশমিক ৫০ শতাংশ পড়ে গিয়ে হয় ৫১৬৪ টাকা।
অন্যদিকে বেক্সিমকোর শেয়ারের দাম ৯ দশমিক ১৭ শতাংশ বেড়ে হয় ৮৫ টাকা ৭০ পয়সা। এ ছাড়া এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম ৩ দশমিক ১২ শতাংশ বেড়ে হয়েছে ২১ টাকা ৭৯ পয়সা।
তবে মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় ধাক্কা খেয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক। ব্যাংকটির শেয়ারের দাম ৩ দশমিক ৬৪ শতাংশ কমে ৩৫০ টাকা ৫০ পয়সায় নেমে আসে।
ডিএসইতে দিনের তালিকার ওপরের দিকে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে লঙ্কাবাংলা ফিনান্স, এস আলম কোল্ড রোল্ড স্টিল, পদ্মা ওয়েল ও এবি ব্যাংকের শেয়ারের দাম কমেছে। তবে বেড়েছে ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম।
মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব শেয়ার সূচক ছিল ঊর্ধ্বমুখী। এ বাজারে সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ৮ দশমিক ১৯ পয়েন্ট বা শূন্য দশমিক ১৩ শতাংশ বেড়ে হয়েছে ৫৯১৩ দশমিক ৯২ পয়েন্ট।
সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ৯ দশমিক ৫৫ পয়েন্ট বা শূন্য দশমিক ১০ শতাংশ বেড়ে ৯১৪০ দশমিক ০৫ পয়েন্ট হয়। এছাড়া সিএসই- ৩০ ব্লুচিপ শেয়ার সূচক ২ দশমিক ৭৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৪ শতাংশ বেড়ে ৮০৪০ দশমিক ৭৪ পয়েন্ট হয়।
সিএসইতে ৩৬ কোটি ১৫ লাখ ৮০ হাজার টাকার ৩৪ লাখ ১২ হাজার ৯৪৬ টি শেয়ার লেনদেন হয়।
এই বাজারে ৫৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৮২টির দাম কমেছে এবং ছয়টি দাম ছিল অপরিবর্তিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/এসকে/২১৫২ঘ.
bdnews24