ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আগামী ২০০৮-০৯ অর্থ বছরে সারের চাহিদা মেটাতে মধ্যপ্রাচ্যের তিনটি দেশ থেকে মোট চার লাখ মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করবে সরকার। প্রথম লটের ১২ হাজার টন সার আমদানির প্রস্তাব ইতিমধ্যেই অনুমোদন করা হয়েছে।
পরিবহন খরচ বাদে প্রতি টন সারের দাম পড়বে ৬৬৬ মার্কিন ডলার।
মঙ্গলবার বিকেলে সচিবালয়ে অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠক শেষে অর্থ উপদেষ্টা উপস্থিত সাংবাদিকদের বলেন, "নতুন অর্থ বছরে দেশে ইউরিয়া সারের চাহিদা মেটাতে কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব থেকে মোট চার লাখ টন ইউরিয়া সার আমদানি করা হবে। এর মধ্যে কাতার থেকে এক লাখ টনের বেশি আমদানি করা হবে। পরিবহন খরচ ছাড়া প্রতি টন সারের দাম পড়বে ৬৬৬ মার্কিন ডলার।"
উপদেষ্টা জানান, প্রথম লটের ১২ হাজার মেট্রিক টন আসবে কাতার থেকে। মঙ্গলবারের বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদিত হয়েছে। শিল্প মন্ত্রণালয় এ সার আমদানি করবে বলে তিনি জানান।
অর্থ উপদেষ্টা জানান, বৈঠকে আরও তিনটি প্রস্তাব অনুমোদন হয়েছে। সেগুলো হচ্ছে, ১৫ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে মাঝারি শহরে পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প, ২১ কোটি ১৭ লাখ টাকার উত্তরা আবাসিক শহর দ্বিতীয় প্রকল্পের ১নং ও ২ নং সেতু ও সোনারগাঁও রোডের কালভার্ট নির্মাণ এবং জাতীয় পুষ্টি কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে এলাকাভিত্তিক দুটি এনজিও অনুমোদন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/২০১০ঘ.
bdnews24