২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেট ঘাটতি প্রতিবেশী দেশগুলোর চেয়ে কম: অর্থ উপদেষ্টা

প্রস্তাবিত বাজেটে ঘাটতি প্রতিবেশী দেশগুলো বিশেষত ভারতের তুলনায় অনেক কম বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2008, 02:15 PM

Updated : 26 Aug 2022, 01:59 PM

ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত বাজেটে ঘাটতি প্রতিবেশী দেশগুলো বিশেষত ভারতের তুলনায় অনেক কম বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম। পাশাপাশি ঘাটতি পূরণে ব্যাংকিং খাত থেকে ১৩ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনায় বেসরকারি খাতের ওপর নেতিবাচক প্রভাবের আশংকাও নাকচ করে দেন তিনি। মঙ্গলবার বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ আয়োজিত এক বাজেট পরবর্তী সংলাপে তিনি এ দাবি করেন। অর্থ উপদেষ্টা বলেন, "চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত সময়ে গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২ হাজার কোটি টাকা বেশি অভ্যন্তরীণ ঋণ নেওয়া হয়েছে। তা সত্ত্বেও বেসরকারি খাতে ঋণ প্রবাহ ১৭ শতাংশ বেড়েছে।" সিপিডির বোর্ড অব ট্রাস্টির সদস্য এম সাইদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংলাপে রাজনীতিবিদ, ব্যবসায়ী নেতা এবং দাতা সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে মির্জ্জা আজিজুল বলেন, "আমার বলতে দ্বিধা নেই, প্রস্তাবিত বাজেটে ৯ শতাংশ মূল্যস্ফীতির যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বাস্তবে এর চেয়ে বেশি হতে পারে।" বাজেটের বড় অংশে উন্নয়ন ব্যয় ধরা হওয়ায় এ বাজেট বাস্তবায়ন সহজতর হবে বলে মন্তব্য করেন তিনি। "বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি : ২০০৮-০৯ অর্থ বছরের বাজেট বিশ্লেষণ" শীর্ষক এই সংলাপে সিপিডি'র নির্বাহী পরিচালক মুস্তাফিজুর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। প্রস্তাবিত বাজেটে সাময়িক উত্তরণের পথ খোঁজা হয়েছে মন্তব্য করে অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, "সমস্যা সেসব ক্ষেত্রেই দেখা দেবে যেখানে অন্তর্নিহিত সমস্যাগুলো স্বল্প মেয়াদি নয় বরং মধ্য বা দীর্ঘ মেয়াদি।" ধারাবাহিকভাবে বাজেট পর্যালোচনা চালিয়ে যাওয়ার পক্ষেও মত দেন তিনি। ওয়াহিদ উদ্দিন মাহমুদ আরো বলেন, "কিছু কিছু ক্ষেত্রে মধ্য মেয়াদি সংশোধন প্রয়োজন, যেমন ইউরিয়া সারের মূল সমন্বয়ের বিষয়টি বিবেচনায় আনতে হবে।" তবে কৃষিখাতে সর্বোচ্চ ভর্তুকি দেওয়া সত্ত্বেও ইউরিয়া সারের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তের সমালোচনা করেছেন ওয়ার্কার্স পার্টি প্রধান রাশেদ খান মেনন। তিনি বলেন, "সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ্য ভাতা বরাদ্দ হলেও শ্রমিক ও বেসরকারি খাতের চাকরিজীবীদের জন্য কি করা হয়েছে? এই বৈষম্য সমাজে বিশৃঙ্খলা তৈরি করবে।" দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পরিপ্রেক্ষিতে সবক্ষেত্রে রেশনিং ব্যবস্থা চালুরও দাবি জানান তিনি। বাংলাদেশে নিযুক্ত আইএমএফ এর আবাসিক প্রতিনিধি জোনাথান ডান প্রস্তাবিত বাজেটের কিছু কিছু প্রস্তাব কর আদায়ের ভিত্তিকে দুর্বল করে দেওয়ার আশঙ্কা বহন করে বলে মন্তব্য করেন। তিনি বলেন, "দেশের দরিদ্র জনগোষ্ঠীর সাহায্যার্থে দেশের সামর্থ্য অর্জনে প্রয়োজন মজবুত কর আদায়ের ভিত্তি।" বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্টনী বাড়ানোর বিষয়টিকে সময়োপযোগী পদক্ষেপ বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গণ ফোরামের সভাপতি ড. কামাল হোসেন, বিএনপি সরকারের সাবেক মন্ত্রী ওসমান ফারুক, আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আবুল হাসান চৌধুরী, জাতীয় পার্টি নেতা জিএম কাদের, বিজিএমইএ'র সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী, বিটিএমএ'র সভাপতি আব্দুল হাই সরকার, এসিআই লি. এর চেয়ারম্যান এম আনিস উদ দৌলা বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/এমএ/২০১০ ঘ.