২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একটেলের ৩০ ভাগ মালিকানা কিনবে জাপানের ডোকোমো

মোবাইল ফোন কোম্পানি একটেলের ৩০ ভাগ মালিকানা কিনে নিচ্ছে জাপানের বৃহত্তম মোবাইল ফোন অপারেটর এনটিটি ডোকোমো। এ জন্য ৩৫ কোটি ডলার দিতে রাজি হয়েছে প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2008, 06:05 PM

Updated : 26 Aug 2022, 01:59 PM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোবাইল ফোন কোম্পানি একটেলের ৩০ ভাগ মালিকানা কিনে নিচ্ছে জাপানের বৃহত্তম মোবাইল ফোন অপারেটর এনটিটি ডোকোমো। এ জন্য ৩৫ কোটি ডলার দিতে রাজি হয়েছে প্রতিষ্ঠানটি। ডোকোমো সোমবার এক বিবৃতির মাধ্যমে টোকিও স্টক এক্সচেঞ্জকে জানিয়েছে, এ বছরের শেষ নাগাদ এই লেনদেন প্রক্রিয়া সম্পন্ন হবে। একটেলের পরিচালক (সমন্বয় ও নিয়ন্ত্রণ) ফজলুর রহমান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মালিকানার অংশ হাতবদলের ব্যাপারে আমরা বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) অনুমতি চেয়েছি। একটেলের ওই ৩০ ভাগ শেয়ারের বর্তমান মালিক এ কে খান এন্ড কোম্পানি। বাকি ৭০ ভাগ শেয়ার রয়েছে টিএম ইন্টারন্যাশনাল (বাংলাদেশ) এর হাতে। একটেল বাংলাদেশের তৃতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর। বিটিআরসির হিসাব অনুযায়ী, গত মে মাস পর্যন্ত প্রতিষ্ঠানটির গ্রাহক সংখ্যা ছিল প্রায় ৭৭ লাখ ১০ হাজার। অনলাইন বাণিজ্য সাময়িকী ব্লুমবার্গ বলছে, একটেলের মালিকানার অংশ কেনার মধ্য দিয়ে ডোকোমো এমন এক বাজারে প্রবেশের সুযোগ পারে যা জাপানের চেয়েও দ্রুত বাড়ছে। চলতি মাসে বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়েছিল, ডোকোমো ৪২ কোটি ৫০ লাখ ডলারে একটেলের ১৮ ভাগ শেয়ার কিনে নিচ্ছে। ডোকোমোর সোমবারের বিবৃতিতে বলা হয়েছে, কেনার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রতিষ্ঠানটি একটেলের ব্যবস্থাপনার কাজেও অংশ নেবে। বিশ্বের অন্যতম বৃহত্তম মোবাইল ফোন অপারেটর ডোকোমোর গ্রাহক সংখ্যা প্রায় ৫ কোটি ৩০ লাখ। টোকিও, লন্ডন ও নিউ ইয়র্ক পুঁজি বাজারে প্রতিষ্ঠানটি তালিকাভুক্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/এমএইচবি/২৩৫৯ ঘ.