ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের দিনের হোঁচট সোমবার সামলে উঠেছে ঢাকার পুঁজিবাজার। বিনিয়োগকারীদের মধ্যে কেনাবেচার সরব গতিতে সূচক হয়ে ওঠে ঊর্ধ্বমুখী। ফলে গত দিনের তুলনায় বেশিরভাগ খাতের শেয়ারের দাম বেড়েছে এদিন।
গেল সপ্তাহের শেষ ও এ সপ্তাহের শুরুতে বাড়তে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের দামের লাগাম টেনে ধরতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ বেশ কিছু পদক্ষেপ নেয়। এতে বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার ছেড়ে দেওয়ার হিড়িক পড়ে।
সোমবার দিনের শুরুতে বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের দাম পড়তে শুরু করলে বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা দু'দফা ডিএসই-র সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখায়।
বাজার বিশ্লেষকরা বাজার নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণ সংস্থার পদক্ষেপকে আরোপিত বলেই মনে করছেন।
শেয়ার মধ্যস্বত্ত প্রতিষ্ঠান এইমস অফ বাংলাদেশের ইয়েওয়ার সাইদ বলেন, "মূল্য সমন্বয় করার ক্ষেত্রে কোনো কিছু চাপিয়ে না দিয়ে স্বাভাবিকভাবে চলতে দেওয়া উচিত। বাজার নিয়ন্ত্রকরা সমস্যার মূলে না গিয়ে বাজার নিয়ন্ত্রণে ব্যস্ত। এটি বাজারের জন্য কোনোভাবেই সহায়ক নয়।"
দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ২০ দশমিক ৫৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৭ শতাংশ বেড়ে ৩০৪০ দশমিক ৭৯ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ১৬ দশমিক ২৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৩ শতাংশ বেড়ে হয়েছে ২৫৭৯ দশমিক ৬১ পয়েন্ট। ডিএসই- ২০ ব্লুচিপ শেয়ার সূচক ২ দশমিক ৪২ পয়েন্ট বা শূন্য দশমিক ০৯ শতাংশ বেড়ে ২৫৩৭ দশমিক ৬০ পয়েন্ট হয়।
এদিন ডিএসইতে ২৪২ কোটি টাকার ১ কোটি ৮৫ লাখ ৬৬ হাজার ৮৭২ টি শেয়ার লেনদেন হয়। বাজারে লেনদেনকৃত বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে ১২৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৮৭ টির এবং অপরিবর্তিত ছিল ১১ টির দাম।
লেনদেনের তালিকার শীর্ষে থাকা এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম ৫ দশমিক ৭০ শতাংশ বেড়ে হয়েছে ২১ টাকা ১৩ পয়সা।
পরের অবস্থানে থাকা বেক্সিমকো ফার্মার শেয়ারের দাম ১ দশমিক ৪৬ শতাংশ বেড়ে ৯৬ টাকা ৯০ পয়সা হয়। তবে স্কয়ার ফার্মার শেয়ারের দাম শূন্য দশমিক ৩১ শতাংশ কমে ৫১৯০ টাকায় পৌঁছে।
লঙ্কা-বাংলা ফিনান্সের শেয়ারের দাম ৬ দশমিক ১৩ শতাংশ বেড়ে ১৭৮ টাকা ২০ পয়সা হয়। এদিন বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় শাহজালাল ইসলামী ব্যাংকের শেয়ারের দাম ১ দশমিক ০৮ শতাংশ কমে ৩৬৩ টাকা ৭৫ পয়সা হয়েছে।
ডিএসইতে দিনের তালিকায় লেনদেনকৃত বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে গ্রামীণ মিউচুয়াল ফান্ড ওয়ান, এস আলম কোল্ড রোল্ড স্টিল, ইউনিয়ন ক্যাপিটাল, এনসিসি ব্যাংক ও পদ্মা ওয়েল এর শেয়ারের দাম বেড়েছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব শেয়ার সূচক ছিল ঊর্ধ্বমুখী। এ বাজারে সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ২২ দশমিক ৪৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৮ শতাংশ বেড়ে হয়েছে ৫৯০৫ দশমিক ৭৩ পয়েন্ট।
সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ২২ দশমিক ৪৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৮ শতাংশ বেড়ে ৯১৩০ দশমিক ৫০ পয়েন্ট হয়। এছাড়া সিএসই- ৩০ ব্লুচিপ শেয়ার সূচক ৩২ দশমিক ৬৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৪০ শতাংশ বেড়ে ৮০৩৭ দশমিক ৯৮ পয়েন্ট হয়।
সিএসইতে ৩৪ কোটি ৫৯ লাখ ২০ হাজার টাকার ৩৮ লাখ ৩২ হাজার ৩৪৮টি শেয়ার লেনদেন হয়।
এই বাজারে ৮২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৪৭টির দাম কমেছে এবং ৩টির দাম অপরিবর্তিত ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/এসএনডি/২২৪০ ঘ.
bdnews24