ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী অর্থবছরে বাংলাদেশকে ১৩ কোটি (১৩০ মিলিয়ন) ডলারের জরুরি খাদ্য সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
২০০৮-'০৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সরকার সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় খাদ্য নিরাপত্তা বিষয়ক যেসব কর্মসূচি নিয়েছে তা সফলভাবে বাস্তবায়নে এ সহায়তা দেওয়া হবে বলে সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের মহাপরিচালক কুনিও সেনগা জানিয়েছেন। প্রয়োজনে সহায়তার পরিমাণ বাড়ানোর আশ্বাসও দিয়েছেন তিনি।
ঢাকা সফররত এডিবির মহাপরিচালক সোমবার সচিবালয়ে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলামের সঙ্গে বৈঠক করেন।
বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "আমরা নতুন বাজেটে বাস্তবায়নে সহায়তার জন্য এডিবির কাছে ২০ কোটি ডলার খাদ্য সহায়তা চেয়েছিলাম। এডিবি জরুরিভিত্তিতে ১৩ কোটি ডলার দিতে রাজি হয়েছে। এর বাইরে এ খাতে আরও সহায়তা দেবে বলেও তারা আশ্বাস দিয়েছে।"
তিনি বলেন, "সব মিলিয়ে খাদ্য নিরাপত্তা খাতে এডিবির মোট সহায়তা ২০ কোটি ডলার না হলেও এর কাছাকাছি গিয়ে দাঁড়াবে।"
কুনিও সেনগা বলেন, "বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে খাদ্য সঙ্কট চলছে। এ কারণে এসব দেশের গরিব মানুষরা খুবই কষ্টে আছে। গরিব মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে আমরা (এডিবি) সরকারকে ১৩০ মিলিয়ন ডলারের জরুরি খাদ্য সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নতুন বাজেেেট সরকার যে সামাজিক নিরাপত্তা বেষ্টনি কর্মসূচি হাতে নিয়েছে তার আওতায় এ সহায়তা দেওয়া হবে।"
আগামী জুলাইয়ের মধ্যে এই অর্থ ছাড় করা হবে বলে তিনি জানান।
এডিবি মহাপরিচালক বলেন, "কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য এডিবির সহায়তা আরও বাড়ানোর পাশাপাশি বিশ্বব্যাংক, জাপান, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ ও সংস্থা যাতে বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় সহায়তার জন্য এগিয়ে আসে সে বিষয়ে এডিবি সমন্বয়কের দাায়িত্ব পালন করবে।"
এর মধ্য দিয়ে বাংলাদেশের জন্য মোটা অঙ্কের খাদ্য সহায়তা পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব আমিনুল ইসলাম ভূঁইয়া, এডিবি'র আবাসিক প্রতিনিধি হুয়া দু উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমএআর/এমআই/১৪১২ ঘ.
bdnews24