নোয়াখালী, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাজেটে কৃষক ও কৃষির জন্য 'ব্যাপক' কর্মসূচি ঘোষণা করার তিন দিনের মাথায় সারের দাম দ্বিগুণ করা হয়েছে। এক হাতে দিলেন আরেক হাতে নিলেন এটি ঠিক নয়।
বিকল্প ধারা বাংলাদেশ এর সভাপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী বৃহস্পতিবার বিকালে নোয়াখালী আইনজীবী সমিতি মিলনায়তনে দেশপ্রেমিক সচেতন নাগরিকদের নিয়ে এক জনসংলাপ ও পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, "একদিকে কৃষিতে সর্বোচ্চ বরাদ্দ অন্য দিকে সারের উচ্চমূল্য- এমনটি কৃষকরা আশা করে না।"
তেলের মূল্যবৃদ্ধিজনিত সংকট মোকাবেলায় সরকারকে বিশেষ তহবিল গঠনের আহবান জানান বদরুদ্দোজা চৌধুরী।
তিনি বলেন, "দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে অথচ বাজেট বক্তৃতায় বলা হয়েছে মাত্র ১২'শ কোটি টাকা উদ্ধারের কথা। বিদেশে পাচার হওয়া সকল টাকা উদ্ধার করতে হবে।"
বিকল্প ধারা প্রধান বলেন, "দূর্নীতিবাজ রাজনৈতিক নেতাদের বর্জন করতে হবে দেশের স্বার্থে। তবে ঢালাওভাবে রাজনৈতিক নেতাদের দূর্নীতিবাজ হিসেবে অভিযুক্ত করা ঠিক হবে না।"
তিনি বলেন, "যারা দেশপ্রেমিক নয় তাদের সঙ্গে কোন ঐক্য হতে পারে না। জনগণের কথা চিন্তা করে দেশের সার্বিক কল্যাণের জন্য সংবিধান সংশোধন করা উচিৎ। আমরা বলেছি ৫ বছর করে দুই মেয়াদে অন্তত ১০ বছরের জন্য সকল দলের অংশগ্রহণে একটি জাতীয় ঐক্যমত্যের সরকার প্রতিষ্ঠা করা দরকার।"
বিকল্প ধারা বাংলাদেশ এর মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মতামত ও সুপারিশ তুলে ধরে বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন ব্যাপারী, জাসদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মিঞা মো. শাহজাহান, মুক্তিযোদ্ধা এসএম শাহজাহান, বিকল্প ধারার লক্ষ্মীপুর জেলা সভাপতি অ্যাডভোকেট এম এ মতিন, নোয়াখালী কারামাতিয়া আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আমিন উল্যা, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন মিন্টু, অধ্যাপক বেলায়েত হোসেন, অ্যাডভোকেট এমদাদ হোসেন কৈশোর প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৫ ঘ.
bdnews24