ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উৎপাদনশীল খাতে বিনিয়োগের ক্ষেত্রে অপ্রদর্শিত আয়ের ওপর কোনো ধরনের জরিমানা না করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি। একইসঙ্গে ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ এ সংগঠনটি মনে করে বিনিয়োগের বাইরে সাধারণভাবে কেউ অপ্রদর্শিত আয় বৈধ করতে চাইলে নির্ধারিত করের সঙ্গে অতিরিক্ত ১০ শতাংশ জরিমানার বিধান রাখা যেতে পারে। এতে রাজস্ব আদায় বাড়বে।
অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার দুপুরে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলামের সঙ্গে বৈঠকে এফবিসিসিআই প্রতিনিধিদল এ প্রস্তাব দেয়। সংগঠনের সভাপতি আনিসুল হক প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন।
নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নির্ধারিত করের সঙ্গে সাত শতাংশ অতিরিক্ত জরিমানা দিয়ে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ রাখা হয়েছে। এর প্রেক্ষিতে এফবিসিসিআই নেতারা বিনিয়োগ বাড়াতে একটি প্যাকেজের মাধ্যমে জরিমানা ছাড়াই অপ্রদর্শিত আয় উৎপাদনশীল খাতে বিনিয়োগ করার সুযোগ দিতে অর্থ উপদেষ্টাকে অনুরোধ জানান।
প্রতিনিধিদলটি শিল্পের মৌলিক কাঁচামালের আমদানি শুল্কহার পাঁচ শতাংশে নামিয়ে আনারও প্রস্তাব করে। প্রস্তাবিত বাজেটে এ শুল্কহার ১০ শতাংশ থেকে কমিয়ে সাত শতাংশ করা হয়।
বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "এফবিসিসিআই প্রতিনিধিরা প্রস্তাবিত বাজেটকে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগবান্ধব বলে প্রশংসা করেছে। তবে তারা শিল্পের মৌলিক কাঁচামাল আমদানি শুল্কহার আরো কমাতে বলেছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে (এসএমই) বার্ষিক টার্নওভারের সীমা ৫০ হাজার টাকা করাসহ আরো কিছু প্রস্তাবও করেছে তারা।" এতদিন এ সীমা ছিল ২০ হাজার টাকা। নতুন বাজেটে তা ২৪ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।
সার্বিক অবস্থা মাথায় রেখে প্রস্তাবগুলো বিবেচনা করা হবে বলে জানান মির্জ্জা আজিজুল।
তিনি বলেন, "ব্যবসায়ীদের সুর্নির্দিষ্ট কোনো প্রস্তাব দেশের অর্থনীতির জন্য ইতিবাচক হলে তা বিবেচনা করা হবে।"
প্রস্তাবিত বাজেটে অনেক সুবিধা দেওয়ার পরও ব্যবসায়ীরা আরো সুবিধা চাচ্ছে কিনা- প্রশ্নের জবাবে আজিজুল ইসলাম বলেন, "ব্যবসায়ীরা তো তাদের সুবিধা আদায়ের জন্য আবদার করবেই। কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই তা পূরণ করা হবে।"
এফবিসিসিআই সভাপতি আনিসুল হক বলেন, "সার্বিকভাবে অর্থ উপদেষ্টা বিনিয়োগবান্ধব বাজেট প্রস্তাব করেছেন। আমরা তাকে সাধুবাদ জানাই। তবে আমরা তাকে কয়েকটি বিষয় পুনর্বিবেচনা করার প্রস্তাব করেছি।"
তিনি বলেন, "আমরা স্বীকার করছি অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দেওয়া অনৈতিক। এরপরও বিনিয়োগের স্বার্থে উৎপাদনশীল খাতে জরিমানা ছাড়া অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দেওয়ার অনুরোধ জানিয়েছি। বাজেট পেশের আগেও আমরা একই প্রস্তাব করেছিলাম। এর বাইরে সাধারণভাবে অপ্রদর্শিত আয় বৈধ করার ক্ষেত্রে জরিমানার হার ১০ শতাংশ করা হলে সরকারের রাজস্ব আদায় বাড়বে।"
এর আগে গত সোমবার বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা প্রস্তাব করেন, "বৈধ উপায়ে অর্জিত অপ্রদর্শিত আয়ের উপর ২০০৮-০৯ করবছরের প্রযোজ্য হারে আয়কর এবং প্রযোজ্য আয়করের সাত শতাংশ হারে জরিমানা পরিশোধ করার শর্তে আগামী ১ জুলাই থেকে ৩১ অক্টোবরের মধ্যে নির্ধারিত ছকে অপ্রদর্শিত আয় ঘোষণার সুযোগ দিয়ে এসআরও জারি করা হবে।"
চলতি ২০০৭-০৮ অর্থবছরের বাজেট ঘোষণার মাত্র তিন দিন আগে (৪ জুন) নির্ধারিত করের সঙ্গে অতিরিক্ত পাঁচ শতাংশ হারে জরিমানা দিয়ে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রথম দফায় দু'মাসের জন্য এই সুযোগ দেওয়া হয়। ৩১ জুলাই এ সুবিধার মেয়াদ আরো দু'মাস বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়।
এনবিআরের তথ্য অনুযায়ী, গত বছর জুনে সুযোগ দেওয়ার পর মোট ৪২ হাজার ৪৪৯ জন ৫ হাজার ২১৩ কোটি টাকা বৈধ করেন। আর এ থেকে সরকার ৮০২ কোটি টাকা কর পেয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/এসএনডি/এমএইচবি/১৭৩৮ ঘ.
bdnews24