২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বাজেট বিনিয়োগবান্ধব ও দারিদ্র্য নিরসনমূলক: অর্থ উপদেষ্টা

নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে বিনিয়োগবান্ধব ও দারিদ্র্য নিরসনমূলক দাবি করেছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2008, 03:18 PM

Updated : 26 Aug 2022, 01:57 PM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে বিনিয়োগবান্ধব ও দারিদ্র্য নিরসনমূলক দাবি করেছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে মঙ্গলবার বিকেলে বাজেট উত্তর সংবাদ সম্মেলনে তিনি বলেন, "২০০৮-০৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দারিদ্র্য বিমোচনের জন্য সব মিলিয়ে ৫৮ হাজার ২৫৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা মোট বাজেটের ৫৮ দশমিক ৩ এবং জিডিপি'র ৯ দশমিক ৫ শতাংশ। এর মধ্যে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ১৬ হাজার ৯৩২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। গরিব মানুষের জন্য ২ হাজার কোটি টাকার '১০০ দিনের কর্মসৃজন' কর্মসূচি হাতে নেয়া হয়েছে।" বাজেট পেশের পরের দিন প্রথা অনুযায়ী আয়োজিত এ সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা আরো বলেন, "দেশে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে বাজেটে বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে। এলাকাভিত্তিক কর অবকাশ সুবিধা দেওয়া হয়েছে। ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আমদানির ক্ষেত্রে শুল্ক কাঠামোয় ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। এছাড়া ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) উন্নয়ন, রপ্তানি খাতে নগদ আর্থিক সহায়তা বহাল রাখা, কৃষিভিত্তিক শিল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় সহায়তা, জেলা চেম্বারগুলোর সংস্কারসহ নানামুখি পদক্ষেপ নেয়া হয়েছে।" এসব বিবেচনায় প্রস্তাবিত বাজেটকে 'বিনিয়োগ বান্ধব ও দারিদ্র্য নিরসনমুখী' বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। বিগত রাজনৈতিক সরকারগুলোর মতো নির্বাচন সামনে রেখে বাজেট দেয়া হয়েছে কিনা- প্রশ্নের জবাবে মির্জ্জা আজিজ বলেন, "এ ব্যাপারে পরিষ্কার বক্তব্য হচ্ছে- আমার নির্বাচন করার কোনো ইচ্ছা নেই। সে কারণে ওই ধরনের অভিসন্ধি থেকে আমি বাজেট দেইনি। বাজেট করা হয়েছে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ পরিস্থিতিকে বিবেচনায় রেখে। ডিসেম্বরে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার দায়িত্ব নেবে এবং তারা বাজেট বাস্তবায়ন করবে- এ বিষয়টি মাথায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে।" অর্থ উপদেষ্টা বলেন, "আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও খাদ্যপণ্যের দাম বাড়ার বিষয়টি বিবেচনার পাশাপাশি অভ্যন্তরীণভাবে দেশে তেমন কোনো প্রাকৃতিক দুর্যোগ আসবে না, স্থিতিশীলতা বজায় থাকবে, প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশ অর্জিত হবে এবং মূল্যস্ফীতি ৯ শতাংশে সীমাবদ্ধ থাকবে- এমন সম্ভাবনাগুলোকে মাথায় রাখা হয়েছে।" বাজেট ঘাটতি ৩০ হাজার ৫৮০ কোটি টাকা এবং এই ঘাটতি মেটাতে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ১৩ হাজার ৪৯৮ কোটি টাকা ঋণ নেওয়ার প্রস্তাব সম্পর্কে অর্থ উপদেষ্টা বলেন, "নতুন বাজেটে ঘাটতি মোটেই বেশি ধরা হয়নি। চলতি অর্থবছরের বাজেট ঘাটতি ধরা হয়েছিল ৪ দশমিক ৮ শতাংশ। এবার ধরা হয়েছে ৪ দশমিক ৯৯ শতাংশ। এ হিসাবে এবার ঘাটতি মোটেও বেশি বাড়েনি। আর চলতি অর্থবছরেও সরকার ব্যাংক ব্যবস্থা থেকে মোটা অঙ্কের ঋণ নিয়েছে। কিন্তু এর ফলে বেসরকারি খাতে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। অর্থবছরের ১১ মাসে (জুলাই-মে) বেসরকারি খাতে ঋণপ্রবাহ আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ২৩ শতাংশ বেড়েছে।" বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বরাদ্দ কমানো প্রসঙ্গে তিনি বলেন, "ইতিহাস ঘেটে দেখেছি, কোনো অর্থবছরেই এডিপি'র পুরোটা বাস্তবায়ন হয় না। এমনকি সংশোধিত এডিপি'র পুরোটাও বাস্তবায়ন হয় না। এসব বিবেচনায় এবার বাস্তবসম্মত এবং বাস্তবায়নযোগ্য ২৫ হাজার ৬০০ কোটি টাকার এডিপি গ্রহণ করা হয়েছে।" বর্তমান স্থানীয় সরকার কাঠামো দিয়ে ১৬ হাজার ৯৩২ কোটি টাকার সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি বাস্তবায়ন সম্ভব নয়- গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) এ মূল্যায়ন সম্পর্কে মির্জ্জা আজিজ বলেন, "আমার কাছে তেমনটি মনে হয় না। এ কথা ঠিক যে আমাদের স্থানীয় সরকার কাঠামোয় সমস্যা আছে। আগামীতে স্থানীয় সরকার নির্বাচন হলে এ সমস্যা কেটে যাবে।" দুর্নীতিবিরোধী অভিযান চলার পাশাপাশি অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দেয়া দ্বিমুখী অবস্থান কিনা- প্রশ্নের জবাবে তিনি বলেন, "নতুন বাজেটে নির্ধারিত করের সঙ্গে অতিরিক্ত সাত শতাংশ হারে জরিমানা দিয়ে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দেওয়া হয়েছে। এক্ষেত্রে বৈধপথে উপার্জনকারীরাই অঘোষিত আয় বৈধ করার সুযোগ পাবে। অবৈধভাবে উপার্জিত আয় বা কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হয়নি।" বাংলাদেশের বাস্তবতায় ৯ শতাংশ মূল্যস্ফীতি সহনীয় নয় স্বীকার করে মির্জ্জা আজিজ বলেন, "মূল্যস্ফীতির হার পাঁচ থেকে ছয় শতাংশে মধ্যে নামিয়ে আনতে পারলে খুশি হতাম আমি। কিন্তু বাস্তবতা হচ্ছে তা কোনোভাবেই সম্ভব নয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/এমএইচবি/২১১৮ ঘ.