ঢাকা, জুন ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিটি করপোরেশন ও জেলা শহরের বড় ও মাঝারি দোকানে ইলেক্ট্রনিক ক্যাশ রেজিস্ট্রার (ইসিআর) বসানোর জন্য বেঁধে দেয়া সময়সীমা বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম।
একইসঙ্গে ২০০৮-০৯ অর্থবছরের বাজেটে ইসিআর মেশিন আমদানির ওপর থেকে সব ধরনের শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করেছেন তিনি।
সোমবার বাজেট বক্তৃতায় উপদেষ্টা বলেন, "ইসিআর সংগ্রহ ও ব্যবহারে অভ্যস্ত হতে কিছু সময় প্রয়োজন। এ বিবেচনায় বেঁধে দেয়া সময়সীমা সংশোধন করে বিভাগীয় শহরে ২০০৯ এর ১ জানুয়ারি এবং জেলা শহরে ২০০৯ এর ১ জুলাই থেকে বাধ্যতামূলকভাবে ইসিআর ব্যবহারের প্রস্তাব করছি।"
রাজস্ব ফাঁকি রোধে এর আগে দেশের সব সিটি করপোরেশন ও জেলা শহরের বড় ও মাঝারি দোকানে চলতি বছরের ১ জুলাই থেকে ইলেক্ট্রনিক ক্যাশ রেজিস্ট্রার (ইসিআর) ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছিল।
এছাড়া ইসিআর মেশিন আমদানিতে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর, ৩ শতাংশ অগ্রিম আয়কর ও ১ দশমিক ৫ শতাংশ অগ্রিম মূল্য সংযোজন কর মওকুফের প্রস্তাব করা হয়েছে বাজেটে। এ প্রস্তাব পাশ হলে নতুন অর্থবছর থেকে ইসিআর মেশিন আমদানির ওপর কোনো ধরনের শুল্ক প্রযোজ্য হবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/জেকে/২২০০ ঘ.
bdnews24