চট্টগ্রাম, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিক অসন্তোষ ও সংঘর্ষের জের ধরে নগরীর চাঁন্দগাঁও বিসিক শিল্প এলাকায় বন্ধ হয়ে যাওয়া চারটি সোয়েটার কারখানা আবার চালুর উদ্যোগ নেয়া হচ্ছে।
শ্রমিক, কারখানা মালিক কর্তৃপক্ষ, শ্রম অধিদপ্তর ও তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ যৌথভাবে আজিম গ্র"পের মালিকানাধীন এ চার কারখানায় শিগগির উৎপাদন শুরু করতে আলোচনা চালিয়ে যাচ্ছে।
চট্টগ্রাম বিভাগীয় শ্রম অধিদপ্তরের পরিচালক আব্দুল খালেক রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শ্রমিক অসন্তোষ এবং সঙ্কটের গ্রহণযোগ্য সমাধানের মাধ্যমে রপ্তানিমুখী এ কারখানাগুলো যাতে খুলে দেয়া যায় সেজন্য উদ্যোগ নেয়া হয়েছে।
এরই মধ্যে শ্রম অধিদপ্তর সংশ্লিষ্ট সবার সঙ্গে একাধিক বৈঠক করেছে বলে জানিয়ে তিনি বলেন, "এর অংশ হিসেবে রোববার বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত চার কারখানার ২০ জন শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়।"
পরিচালক জানান, বৈঠক শ্রমিকরা সঙ্কটের সমাধানের মাধ্যেমে কারখানা চালুর বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে।
তিনি বলেন, "শ্রমিকদের সঙ্গে আলোচনার আগে শনিবার বিজিএমইএ কর্মকর্তাদের সঙ্গে একদফা আলোচনা হয়। আগামী কয়েকদিনের মধ্যে মালিক পক্ষের সঙ্গে বৈঠকের পর সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে বসা হবে।"
রোববারের বৈঠকে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের দাবি অনুযায়ী গ্রেপ্তার হওয়া শ্রমিকদের নিশর্ত মুক্তি, ১ জুনের পর বরখাস্তকৃতদের পুনর্বহাল এবং বেসিক বাড়ানো নিয়ে শ্রম অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে। তারা বিষয়টির সমাধানের উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়েছেন।
এ প্রসঙ্গে আজিম গ্র"পের পরিচালক নওশা আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শ্রমিকরা কাজের পরিবেশ নিশ্চিত করলে আমরা কারখানা খুলে দিতে আগ্রহী। এজন্য যে উদ্যোগ নেয়া হয়েছে তাতে আমরা আশাবাদী।"
তবে শ্রমিকরা এখনো কারখানা কর্মকর্তাদের হেয় করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
উল্লেখ্য, পিস রেইট বৃদ্ধি ও বেসিক বাড়ানোর দাবিতে গত ৬ মে এবং ১ জুন দুই দফা ব্যাপক সংঘর্ষের পর আজিম গ্র"পের মালিকানাধীন অর্কিড ফ্যাশন, সাভার ও গ্লোবাল নিটওয়ারের চারটি ইউনিট বন্ধ করে দেয়া হয়। এগুলোতে প্রায় ছয় হাজার শ্রমিক কাজ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এসএনডি/২২২৬ ঘ.
bdnews24