ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিকরা নয় সন্ত্রাসীরাই পোশাক শিল্প কারখানায় হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। তারা বলছে, কিছু বেসরকারি সংস্থা ও শ্রমিক ফেডারেশন এতে ইন্ধন যোগাচ্ছে।
পোশাক শিল্প খাতের নিরাপত্তায় শিল্প-পুলিশ গঠন করারও দাবি জানিয়েছে সমিতি।
বুধবার রাজধানীতে বিজিএমইএ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বক্তারা এসব বলেন। মঙ্গলবার সাভারে সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মুত্যুর গুজবে বেশ কয়েকটি কারখানায় ভাঙচুরের ঘটনায় খবরে উদ্বেগ প্রকাশ করেছে বিজিএমইএ।
সমিতির সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী (পারভেজ) বলেন, "বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে এই খাত টিকিয়ে রাখা যাবে কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। খাতটির নিরাপত্তা নিয়ে আমরা ভীষণ উদ্বিগ্ন। তাই এই খাতের নিরাপত্তার জন্য যত দ্রুত সম্ভব সরকারকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ গঠন করতে হবে।"
পোশাক শিল্পে ভাঙচুরের ঘটনায় শ্রমিকদের জড়িত থাকার কথা নাকচ করে দেন তিনি।
তার দাবি, "পোশাক শিল্পে হামলা সন্ত্রাসীরা চালাচ্ছে। কিছু এনজিও ও শ্রমিক ফেডারেশন উসকানিমূলক বক্তব্য দিচ্ছে।"
আনোয়ার উল আলম চৌধুরী বলেন, "পোশাক শিল্পের নিরাপত্তা নেই মানে দেশের প্রধান খাতে নিরাপত্তা নেই। সরকারের বিভিন্ন সংস্থাগুলোও জানে কারা এগুলোতে হামলা করছে।"
সারাদেশে বিজিএমইএর সদস্যভুক্ত পোশাক কারখানার সংখ্যা চার হাজার ৪৬০টি। এরমধ্যে সচল রয়েছে দুই হাজার ৬০১টি।
সমিতির সভাপতি জানান, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ গঠনের জন্য এক একটি এলাকায় ন্যূনতম যে পরিমাণ কারখানা থাকা দরকার-আশুলিয়া, টঙ্গী, নারায়ণগঞ্জ ও সাভারে তত পরিমাণ কারখানা রয়েছে।
বিজিএমইএর ওয়েবসাইটে দেওয়া তথ্যমতে, ২০০৬-০৭ অর্থবছরে নয় দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়। যা দেশের মোট রপ্তানির ৭৫ ভাগ। চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত রপ্তানি হয়েছে সাত দশমিক ছয় বিলিয়ন মূল্যের পোশাক। প্রবৃদ্ধির হার ১২ দশমিক ৩৪ শতাংশ।
চলতি অর্থবছর শেষে এটি দশ দশমিক ছয় বিলিয়ন হবে বলে আশা প্রকাশ করেছে সমিতি।
আনোয়ার উল আলম বলেন, "বিদ্যুৎ সঙ্কট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ নানা কারণে ছোট ছোট কারখানা বন্ধ হয়েছে যাচ্ছে। গত নভেম্বর থেকে মে মাসের মধ্যে ২০৩টি পোশাক কারখানা বন্ধ হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএল/এমএইচবি/১৯৩২ ঘ.
bdnews24