আবদুর রহিম হারমাছি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক
ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের অর্থনীতির প্রধান সূচকগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে রেমিটেন্স। চলতি ২০০৭-০৮ অর্থবছরের ১১ মাসে (জুলাই-মে) প্রবাসীরা ৭১৮ কোটি ১৯ লাখ (৭ দশমিক ১৮ বিলিয়ন) ডলার দেশে পাঠিয়েছে। যা গত ২০০৬-০৭ অর্থবছরের একই সময়ের চেয়ে ১৭১ কোটি ৯৮ লাখ ডলার বেশি। আর পুরো অর্থ বছরের চেয়ে ১২০ কোটি ৩৪ লাখ ডলার বেশি। অর্থবছর শেষে এবার রেমিটেন্স ৮ বিলিয়ন (৮০০ কোটি) ডলারে গিয়ে দাঁড়াবে বলে আশা করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ২০০৬-০৭ অর্থবছরের জুলাই-মে সময়ে ৫৪৬ কোটি ২১ লাখ ডলার রেমিটেন্স দেশে এসেছিল। অর্থবছরের পুরো সময়ে অর্থাৎ ১২ মাসে এসেছিল ৫৯৭ কোটি ৮৫ লাখ (৫ দশমিক ৯৮ বিলিয়ন) ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ রেমিটেন্স বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করে মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বেশ কিছুদিন ধরে প্রবাসী বাংলাদেশীরা বেশি বেশি করে রেমিটেন্স দেশে পাঠাচ্ছেন। গত অর্থবছরে তারা প্রায় ৬ বিলিয়ন ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছিলেন। এবার ১১ মাসেই ৭ বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স এসেছে। অর্থবছর শেষে রেমিটেন্সের পরিমাণ ৮ বিলিয়ন ডলারে গিয়ে ঠেকবে বলে আমরা আশা করছি।"
রেমিটেন্স বৃদ্ধির কারণে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভও সন্তোষজনক অবস্থানে রয়েছে বলে গভর্নর জানান।
সা
bdnews24