ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সবাই একযোগে চেষ্টা করলে দেশে আর কোনো সমস্যা থাকবে না বলে মনে করেন সেনাপ্রধান মইন উ আহমেদ। মঙ্গলবার ট্রাস্ট ব্যাংকের নবম বার্ষিক সাধারণ সভায় তিনি আরও বলেন, "সবাই সম্মিলতভাবে চেষ্টা করলে ২০২০ সালের মধ্যে দেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করা সম্ভব।"
রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরের দরবার হলে ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান মইন উ আহমেদ বলেন, "ট্রাস্ট বাংক যা লাভ করে তার বেশিরভাগই দেশের জনগণের উন্নয়নসহ নানা প্রাকৃতিক দুর্যোগে খরচ করা হয়ে থাকে।"
সভায় জানানো হয়, ২০০৭ সালে ব্যাংকটির প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৪৪ শতাংশ। সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৩৮ কোটি টাকা। আমানত বেড়েছে ৪৩ ভাগ।
তবে ব্যাংকটির খেলাপি ঋণ ৩৩ শতাংশ হওয়ায় সভায় শেয়ারহোল্ডাররা সমালোচনা করেন।
সভায় ২০০৭ সালের জন্য ১০ শতাংশ বোনাস শেয়ার, ২০ শতাংশ রাইট শেয়ার এবং আয়ের ১০ শতাংশ সমাজ সেবায় দেয়ার ঘোষণা দেওয়া হয়।
বর্তমানে ট্রাস্ট ব্যাংকের ৪টি শাখা রয়েছে। ১৯৯৯ সালের ৩ জুন ব্যাংকটির কার্যক্রম শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমএইচবি/২১৩২ ঘ.
bdnews24