২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিও ছাড়ার অনুমতি পেল ফার্স্ট সিকিউরিটি ব্যাংক

পুঁজিবাজারে ১১৫ কোটি টাকার আইপিও ছাড়ার অনুমতি পেয়েছে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক। এ ছাড়া ১৩২ কোটি টাকার রাইট শেয়ার ছাড়ার অনুমোদন দেওয়া হয়েছে ব্র্যাক ব্যাংককে। অন্যদিকে, তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানিকে বাজারে সরাসরি তালিকাভুক্তির অনুমতি দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2008, 02:58 PM

Updated : 26 Aug 2022, 01:56 PM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে ১১৫ কোটি টাকার আইপিও ছাড়ার অনুমতি পেয়েছে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক। এ ছাড়া ১৩২ কোটি টাকার রাইট শেয়ার ছাড়ার অনুমোদন দেওয়া হয়েছে ব্র্যাক ব্যাংককে। অন্যদিকে, তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানিকে বাজারে সরাসরি তালিকাভুক্তির অনুমতি দেওয়া হয়েছে। মঙ্গলবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জের (এসইসি) সভায় এসব অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন তদারকি সংস্থাটির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ। তিনি বলেন, "আরো ১৪টি প্রতিষ্ঠান আইপিও ছাড়ার অনুমতি চেয়ে আবেদন করেছে। বাজারে শেয়ারের প্রবাহ বাড়াতে যথাসম্ভব শিগগিরই এসব প্রতিষ্ঠানের আইপিও ছাড়ার ব্যবস্থা নেওয়া হবে।" ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের প্রতি শেয়ারের অভিহিত মূল্য একশ টাকা নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি। ১৯৯৯ সালে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে দেশে কাজ শুরু করে। বর্তমানে সারাদেশে এ ব্যাংকের ২০টি শাখা রয়েছে। ব্যাংকটির পরিশোধিত মূলধন ৩৬০ কোটি টাকা। ব্র্যাক ব্যাংক প্রসঙ্গে ফরহাদ আহমেদ বলেন, "প্রতি পাঁচ শেয়ারের বিপরীতে একশ টাকা অভিহিত ও চারশ টাকার প্রিমিয়াম সম্বলিত একটি করে রাইট দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।" ব্যাংকটির পরিশোধিত মূলধন দুশ' কোটি টাকা। ২০০৭ সালের ডিসেম্বরে এর প্রতি শেয়ারের নেট অ্যাসেট ভ্যালু দাঁড়ায় ২২৪ টাকা ৩৩ পয়সা। এসইসির নির্বাহী পরিচালক তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানির সরাসরি অন্তর্ভুক্তি প্রসঙ্গে বলেন, "প্রতিষ্ঠানটির অন্তর্ভুক্তির ব্যাপারে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের পক্ষ থেকে কোনো বাধা নেই। বিষয়টি স্টক এক্সচেঞ্জকে জানানো হয়েছে।" তিনি জানান, রাষ্ট্রায়ত্ত এ প্রতিষ্ঠানটির পরিশোধিত মূলধন দুই হাজার কোটি টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানটি এর মূলধনের ২৫ শতাংশ শেয়ার বাজারে ছাড়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এদিকে, সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডকে অ্যাসেট ম্যানেজমেন্ট লাইসেন্স দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/এসএনডি/২০৫০ ঘ,