২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩২০০ পয়েন্ট ছাড়িয়েছে ডিজিইএন সূচক

বিনিয়োগকারীদের শেয়ার কেনার ঝোঁক বাড়ায় রোববার ঢাকার শেয়ার বাজারের সাধারণ মূল্যসূচক রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৩৯ দশমিক ৯০ পয়েন্ট বা এক দশমিক ২৫ শতাংশ বেড়ে রেকর্ড ৩২০৭ দশমিক ৮৯ পয়েন্টে পৌঁছায়। এর আগে গত ২৬ মে সর্বোচ্চ ৩১৩৩ দশমিক ৪৯ পয়েন্ট স্পর্শ করেছিল এ সূচক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2008, 04:36 PM

Updated : 26 Aug 2022, 01:55 PM

ঢাকা, জুন ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিনিয়োগকারীদের শেয়ার কেনার ঝোঁক বাড়ায় রোববার ঢাকার শেয়ার বাজারের সাধারণ মূল্যসূচক রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৩৯ দশমিক ৯০ পয়েন্ট বা এক দশমিক ২৫ শতাংশ বেড়ে রেকর্ড ৩২০৭ দশমিক ৮৯ পয়েন্টে পৌঁছায়। এর আগে গত ২৬ মে সর্বোচ্চ ৩১৩৩ দশমিক ৪৯ পয়েন্ট স্পর্শ করেছিল এ সূচক। মধ্যস্ততাকারী প্রতিষ্ঠান লঙ্কা বাংলা সিকিউরিটিজের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ (রোববার) ব্যাংক, ওষুধ, বীমা ও প্রকৌশল প্রতিষ্ঠানের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেশি ছিল। মুনাফা তুলে নেওয়ার প্রবণতাও কম ছিল।" তবে বিশ্লেষকরা বলছেন, পুঁজিবাজার স্বাভাবিক আচরণ করছে না। কিছু শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। খুচরা বিনিয়োগকারীরা ঝুঁকির মধ্যে রয়েছেন। মধ্যস্ততাকারী প্রতিষ্ঠান স্টক অ্যান্ড বন্ড এর বিনিয়োগ পরামর্শক বশির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বেশ কিছু প্রতিষ্ঠানের শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ায় ঝুঁকিও বাড়ছে। বিনিয়োগকারীরাও প্রতিষ্ঠানের মূলনীতির প্রতি লক্ষ্য না রেখে ওইসব শেয়ারে বিনিয়োগ করছেন।" ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নির্বাহী সালাহউদ্দীন আহমেদ বলেন, বর্তমান অবস্থা খুচরা বিনিয়োগকারীদের জন্য ঝুঁকিপূর্ণ। এমন নাজুক পরিস্থিতিতে সুযোগ সন্ধানীরা মুনাফা তুলে নেওয়ার সুযোগ নেবে। ডিএসইতে এদিন ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৩৩ দশমিক ১২ পয়েন্ট বা এক দশমিক ২৩ শতাংশ বেড়ে ২৭১৬ পয়েন্ট হয়েছে। এছাড়া ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ৬১ দশমিক ৭৭ পয়েন্ট বা ২ দশমিক ৪৩ শতাংশ বেড়ে হয়েছে ২৬০২ দশমিক ৫০ পয়েন্ট। এ বাজারে দিনশেষে ২৩৪ কোটি টাকার ২ কোটি ৩৪ লাখ ৪০ হাজার ৯১৪টি শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ১৪৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত ছিল চারটির দাম। লেনদেনের তালিকার শীর্ষে থাকা বেক্সিমকো ফার্মার শেয়ারের দাম ৫ দশমিক ০১ শতাংশ বেড়ে হয়েছে ৮৩ টাকা ৭০ পয়সা। এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম ৩ দশমিক ৩০ শতাংশ কমে ২২ টাকা ৮১ পয়সা হয়েছে। স্কয়ার ফার্মার শেয়ারের দাম ২ দশমিক ৭৪ শতাংশ বেড়ে ৫৩৯৭ টাকা ২৫ পয়সায় পৌঁছেছে। আল-আরাফা ইসলামী ব্যাংকের শেয়ারের দাম ১৬ দশমিক ০৮ শতাংশ বেড়ে হয়েছে ৫৩৫ টাকা ৭৫ পয়সা। স্কয়ার টেক্সটাইলের শেয়ার ৬ দশমিক ৪০ শতাংশ বেড়ে ১৪১ টাকা ২০ পয়সা হয়েছে। মুনাফা তুলে নেওয়ার কারণে কেয়া কসমেটিকস এর শেয়ারের দাম দশমিক ৮৪ শতাংশ কমে ৮২ টাকা ৬০ পয়সা হয়েছে। অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে এস আলম কোল্ড রোলড স্টিল, ইউসিবিএল ও উত্তরা ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে। কমেছে ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ৫৫ কোটি ৪৩ লাখ ৪০ হাজার টাকার ৪৬ লাখ ৪৪ হাজার ৩৬০টি শেয়ার লেনদেন হয়। এ বাজারেও সব শেয়ার সূচক ঊর্ধ্বমুখী ছিল। সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ৯৭ দশমিক ৬৩ পয়েন্ট বা এক দশমিক ০৭ শতাংশ বেড়ে ৯১৯৯ দশমিক ২০ পয়েন্ট হয়েছে। সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ৬৩ দশমিক ২২ পয়েন্ট বা এক দশমিক ০৭ শতাংশ বেড়ে হয়েছে ৫৯৩৩ দশমিক ৩০ পয়েন্ট। এছাড়া সিএসই-৩০ ব্লুচিপ শেয়ার সূচক ১৪১ দশমিক ৯২ পয়েন্ট বা এক দশমিক ৭৮ শতাংশ বেড়ে ৮০৭৯ দশমিক ৮২ পয়েন্ট হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/জেকে/২২২৩ ঘ.