আব্দুর রহিম হারমাছি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক
ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধিতার মুখে বেসরকারি ব্যাংকে পরিচালক হিসাবে আমানতকারীদের মধ্য থেকে দুই জনকে রাখার বিষয়ে অনড় অবস্থান নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ সংক্রান্ত খসড়া বিধি চূড়ান্ত করা হয়েছে।
বৃহস্পতিবার এ খসড়া সব ব্যাংকের চেয়ারম্যান ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়ে এক সপ্তাহের মধ্যে মতামত দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর আলম।
গত ১৩ মার্চ বাংলাদেশ ব্যাংকের আমানতকারীদের মধ্য থেকে দুই জন পরিচালক নিয়োগ সংক্রান্ত খসড়া বিধি প্রকাশের পর ব্যাংক মালিক বা উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর পক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। তারা আমানতকারীদের মধ্য থেকে না করে দুই জন 'স্বতন্ত্র পরিচালক' নিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে দাবি জানায়। বিষয়টি নিয়ে তারা অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলামের সঙ্গে বৈঠকও করে।
ব্যাংক মালিকদের জোর দাবির পরিপেক্ষিতে গত ২২ মে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ বিএবি নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে গভর্নর সাংবাদিকদের জানান, ব্যাংকগুলো আমানতকারীদের বাইরে দুই জন 'স্বতন্ত্র পরিচালক' নিয়োগ দিতে পারবে।
এর এক সপ্তাহ পর বৃহষ্পতিবার বিকালে আমানতকারীদের মধ্য থেকেই পরিচালক নিয়োগের পদ্ধতি সম্পর্কিত প্রস্তাবিত বিধির চূড়ান্ত খসড়া প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা জাহাঙ্গীর আলম বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ব্যাংক কোম্পানি আইনে আমানতকারীদের বাইরে স্বতন্ত্র বা অন্য কোনও পরিচালক নিয়োগের বিধান না থাকায় বাংলাদেশ ব্যাংক বেসরকারি ব্যাংকে ১৩ জন পরিচালকের বাইরে আমানতকারীদের মধ্য থেকে দুই জন পরিচালক নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।"
বৃহস্পতিবার ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ১৫(৫) উপ-ধারা অনুযায়ী আমানতকারীদের মধ্য থেকে ব্যাংক কোম্পানির পরিচালক নিয়োগের পদ্ধতি সম্পর্কিত প্রস্তাবিত বিধির চূড়ান্ত খসড়া সব ব্যাংকের চেয়ারম্যান ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী সাত দিনের মধ্যে সংশ্লিষ্টদের এ বিষয়ে মন্তব্য পাঠাতে অনুরোধ জানানো হয়েছে। এর পরই এটি চূড়ান্ত করা হবে।
খসড়া বিধিতে বলা হয়েছে, "ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (১৯৯১ সনের ১৪ নং আইন) এর ১২০ ধারায় অর্পিত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক ওই আইনের ১৫(৫) উপ-ধারার উদ্দেশ্য পূরণে নিম্নরূপ বিধি প্রণয়ন ও জারি করল। এই বিধি 'আমানতকারীদের মধ্য থেকে ব্যাংক-কোম্পানির পরিচালক নিয়োগ সম্পর্কিত বিধি-২০০৮' নামে অভিহিত হবে।"
এতে আমানতকারীদের মধ্য থেকে পরিচালক হওয়ার জন্য যে যোগ্যতার উল্লেখ রয়েছে, তা হলো- তাকে অবশ্যই পরিচালক পদে অধিষ্ঠিত থাকাকালে ওই ব্যাংকে তার আমানত অব্যাহত রাখতে হবে। প্রার্থীকে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে। তাকে নিজ পেশায় সুনামের অধিকারী হতে হবে। অর্থনীতি, বাণিজ্য, ব্যবসায় প্রশাসন ইত্যাদি বিষয়ে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা কিংবা শিল্প-বাণিজ্যে পেশাগত অভিজ্ঞতা রয়েছে এমন ব্যক্তিদের পরিচালক নিয়োগে প্রাধান্য দিতে হবে। ওই ব্যক্তি কোনও ব্যাংক কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান, বীমা, কোম্পানি কিংবা স্টক এক্সচেঞ্জ এর পরিচালক, কর্মকর্তা/কর্মচারী, উপদেষ্টা, আইন পরামর্শক কিংবা বহিঃহিসাব নিরীক্ষক হতে পারবে না। তার নিজের বা পরিবারের সদস্যদের ব্যাংকের পরিশোধিত মূলধনের ১ শতাংশের বেশি শেয়ার থাকতে পারবে না। তিনি কোনও রাজনৈতিক দল সংশ্লিষ্ট হতে পারবেন না এবং ঋণ, কর কিংবা বিল খেলাপি হতে পারবেন না।
প্রস্তাবিত বিধিতে বলা হয়েছে, এমন যোগ্যতাসম্পন্ন আমানতকারীদের মধ্য থেকে ব্যাংকের পরিচালনা পর্ষদ দুই জন আমানতকারীকে পরিচালক নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করে কেন্দ্রীয় ব্যাংকে অনুমোদনের জন্য পাঠাতে হবে। বাংলাদেশ ব্যাংকের লিখিত অনুমোদনের পর ওই নিয়োগ কার্যকর হবে। কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজন মনে করলে, সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে অতিরিক্ত নাম চাইতে পারে। আমানতকারীদের মধ্য থেকে নির্বাচিত পরিচালকের মেয়াদ হবে তিন বছর। কোনও ব্যক্তি একাধারে দুই মেয়াদে অর্থাৎ ছয় বছরের বেশি সময় পরিচালক হিসাবে থাকতে পারবেন না।
তবে আগের খসড়া বিধিতে প্রত্যেক ব্যাংককে তাদের আমানতকারীদের মধ্য থেকে উল্লিখিত যোগ্যতা সম্পন্ন ২৫ জনের একটি তালিকা করে বাংলাদেশ ব্যাংকে পাঠাতে বলা হয়েছিল। তা থেকে কেন্দ্রীয় ব্যাংকই দুই জনকে পরিচালক নিয়োগ দেবে বলে উল্লেখ ছিল। তবে বৃহস্পতিবারের খসড়া বিধিতে আমানতকারীদের মধ্য থেকে দুই জন পরিচালক মনোনয়নের ক্ষমতা সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের হাতেই ছেড়ে দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর আলম জানান, ব্যাংক কোম্পানি আইনে 'স্বতন্ত্র পরিচালক' নিয়োগের কোনও বিধান নেই। এ কারণেই আমানতকারীদের মধ্য থেকেই দুই জন পরিচালক নিয়োগের সিদ্ধান্ত মোটামুটি চূড়ান্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক।
এ বিষয়ে বিএবি'র চেয়ারম্যান এবং এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের প্রতিক্রিয়া জানতে চাইলে বৃহস্পতিবার রাতে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি এখন দেশের বাইরে রয়েছি। দেশে ফিরে মতামত জানাবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৪৩০ ঘ.
bdnews24