২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসেম্বরের আগে গ্যাস সরবরাহ বাড়ার সম্ভাবনা নেই

ডিসেম্বরের আগে দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতির কোনো আশা নেই। পেট্রোবাংলার চেয়ারম্যান জালাল আহমেদ বলেছেন, ডিসেম্বর নাগাদ জাতীয় গ্রিডে সাড়ে ছয় কোটি ঘনফুট গ্যাস যুক্ত হলে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। বৃহস্পতিবার পেট্রোবাংলা কার্যালয়ে গ্যাস উৎপাদন পরিস্থিতি পর্যালোচনা বৈঠকের পর জালাল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2008, 01:32 PM

Updated : 26 Aug 2022, 01:54 PM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডিসেম্বরের আগে দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতির কোনো আশা নেই। পেট্রোবাংলার চেয়ারম্যান জালাল আহমেদ বলেছেন, ডিসেম্বর নাগাদ জাতীয় গ্রিডে সাড়ে ছয় কোটি ঘনফুট গ্যাস যুক্ত হলে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। বৃহস্পতিবার পেট্রোবাংলা কার্যালয়ে গ্যাস উৎপাদন পরিস্থিতি পর্যালোচনা বৈঠকের পর জালাল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা বলেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ম তামিম বৈঠকে সভাপতিত্ব করেন। পেট্রোবাংলা চেয়ারম্যান জালাল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পর্যালোচনা বৈঠকে দেশের গ্যাস উৎপাদন ও সরবরাহ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আগামী ডিসেম্বর নাগাদ জাতীয় গ্রিডে সাড়ে ছয় কোটি ঘনফুট গ্যাস যুক্ত হবে। এতে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। গ্যাস সরবরাহ কীভাবে আরও বাড়ানো যায় তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।" পেট্রোবাংলা যে সাড়ে ছয় কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে দেওয়ার আশা করছে তার মধ্যে দেড় কোটি ঘনফুট আসবে ফেঞ্চুগঞ্জ গ্যাস ক্ষেত্র থেকে। আগামী জুন নাগাদ এই বাড়তি গ্যাস সরবরাহ শুরু হওয়ার কথা। এছাড়া আগস্ট নাগাদ বাঙ্গুরা থেকে আসবে ৩ কোটি ঘনফুট। ডিসেম্বর নাগাদ জালালাবাদ গ্যাস ক্ষেত্রের ২ ও ৫ নম্বর কূপ থেকে পাওয়া যাবে আসবে ২ কোটি ঘনফুট গ্যাস। বাঙ্গুরা থেকে বাড়তি উৎপাদন শুরু হলে চট্টগ্রামে গ্যাস সরবরাহ কিছুটা বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন জালাল আহমেদ। দেশের ১৮টি গ্যাস ক্ষেত্রের ৩১টি কূপের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ১৮৩ কোটি ৮ লাখ ঘনফুট। বৃহস্পতিবার উত্তোলনের পরিমাণ ছিল ১৭৭ কোটি ৯ লাখ ঘনফুট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/এসকে/১৯২৩ঘ.