সাভার, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যাতায়াত সমস্যা সমাধান, হাজিরা বোনাস ও দুপুরের খাওয়ার টাকার দাবিতে সাভারের নরসিংহপুর এলাকার তৈরি পোশাক কারখানা 'মেডলার এ্যাপারেলস লিমিটেড' এর শ্রমিকরা বুধবার বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছে।
বিক্ষোভ চলার সময় কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়। এর মধ্যে প্রোডাকশন ম্যানেজার সাজ্জাদ হোসেন, সুপারভাইজার রকিব, শ্রমিক তোফাজ্জলকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
কারখানা শ্রমিক সামাদ, কাইয়ুম, রাজ্জাক, রফিক, কুলসুম, আবিদা, রেশমা, শিমুল, শরিফা, মমিন, সালমাসহ আরো কয়েকজন জানান, প্রতিদিন ৩৫টি ভাড়া করা বাসে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে শ্রমিকদের কারখানায় নিয়ে আসা হয়। কিন্তু বৃষ্টি হলেই গাড়িগুলোতে পানি ঢোকে। কর্তৃপক্ষকে জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয় না।
তারা জানান, হাজিরা বোনাস ২৫০ টাকা ও দুপুরের খাওয়া বাবাদ প্রতিমাসে চারশ টাকা করে দেওয়ার কথা থাকলেও নানা অজুহাতে তা কেটে নেওয়া হয়। এছাড়া, কর্তৃপক্ষ বিভিন্ন সময় শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণ করে।
এসব বিষয়ে বুধবার সকাল ৮টার দিকে শ্রমিক নেতা মমিন ও আলম কারখানার কর্মকর্তা এনামুল হকের সঙ্গে কথা বলতে গেলে তাদের আট তলার একটি কক্ষে আটকে রাখা হয় বলে অভিযোগ করেন শ্রমিকরা।
এ ঘটনায় বেলা ১২টার দিকে প্রায় সাড়ে পাঁচ হাজার শ্রমিক কাজ বন্ধ রেখে বিক্ষোভ শুরু করে। এ সময় কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
কারখানার প্রশাসনিক কর্মকর্তা এনামুল হক জানান, মঙ্গলবার সকালে মিরপুর থেকে শ্রমিকদের আনার সময় বৃষ্টিতে গাড়ির সিট ভিজে যাওয়ায় সুপারভাইজার রফিকের সঙ্গে শ্রমিক নেতা মমিন ও আলমের কথা কাটাকাটি হয়। এ ঘটনায় আজ (বুধবার) সুপারভাইজার রফি প্রোডাকশন ম্যানেজার সাজ্জাদ হোসেনের কাছে বিচার দিলে শ্রমিকরা তাদের মারধর করে।
এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, "তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
এদিকে, ধামরাইয়ের ফোর্ডনগর এলাকায় বেঙ্গল কার্পেট মিলস্ লিমিটেড নামের কারখানায় সপ্তাহে ছয়দিন কাজের দাবিতে শ্রমিকরা বুধবার দুপুরে ব্যাপক ভাংচুর করে। তারা জেনারেল ম্যানেজার মোহাম্মদ হোসাইনকে মারধর করে।
বেঙ্গল কার্পেট মিলস্ লিমিটেডের আরিফুল ইসলাম, আ. মান্নান, রেজাউল, হেলাল, ছালাম, বাবুলসহ কয়েকজন শ্রমিক জানান, সপ্তাহে ছয় দিন করার মতো যথেষ্ট কাজ থাকলেও কর্তৃপক্ষ ইচ্ছা করে চারদিন কাজ করায়। এতে পরিবার নিয়ে টিকে থাকা মুসকিল হয়ে পড়ছে।
দাবি নিয়ে বেলা ৩টার দিকে জেনারেল ম্যানেজার মোহাম্মদ হোসাইনের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে মারধর এবং কারখানার আসাবাবপত্র ভাংচুর করে। বিকেল ৫টার দিকে অন্য কর্মকর্তাদের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২১৪৯ ঘ.
bdnews24