২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রূপালী ব্যাংক কিনতে চান আগা খান

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক কেনায় এবার আগ্রহ দেখিয়েছেন প্রিন্স করিম আগা খান। সম্প্রতি সৌদি যুবরাজের কাছে ব্যাংকটি বিক্রির সিদ্ধান্ত বাতিল করে সরকার। অর্থ উপদেষ্টা বলছেন, রূপালী ব্যাংক কিনতে আগা খানের আগ্রহ বিবেচনায় নিয়েছে সরকার। জানাচ্ছেন আবদুর রহিম হারমাছি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2008, 01:03 PM

Updated : 26 Aug 2022, 01:52 PM

ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক কেনায় এবার আগ্রহ দেখিয়েছেন শিয়া মুসলমানদের ইসমাইলি সম্প্রদায়ের নেতা প্রিন্স করিম আগা খান। অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়ে বলেছেন, "আগা খান বাংলাদেশে ব্যাংক ও আর্থিক খাতে বিনিয়োগ করতে চেয়েছেন। রূপালী ব্যাংক কেনায় খুবই আগ্রহী তিনি।" মঙ্গলবার আগা খানের সঙ্গে একান্ত বৈঠক হয়েঝে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, "সেখানে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও বিনিয়োগ পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তিনি (আগা খান) বাংলাদেশে ব্যাংক ও আর্থিকখাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। আমি রূপালী ব্যাংকের বর্তমান অবস্থা বললে তিনি সেটি কেনার জানান।" আগা খান রূপালী ব্যাংক কিনতে চাইলে কীভাবে সেটি বিক্রির ব্যবস্থা হবে- জানতে চাইলে আজিজুল ইসলাম বলেন, "নতুন করে আবার দরপত্র আহ্বান করা হবে। প্রাইভেটাইজেশন কমিশন এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।" তবে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে অর্থ উপদেষ্টা জানান। চারদিনের রাষ্ট্রীয় সফরে গত সোমবার ঢাকায় আসেন প্রিন্স করিম আগা খান। তিনি আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কের (একেডিএন) চেয়ারম্যান। বিশ্বের অন্যতম বড় বেসরকারি এ প্রতিষ্ঠান সম্প্রতি আফগানিস্তানে ৪০ কোটি ডলারের উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। তারা আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও শিক্ষা বিস্তারেও কাজ করছে। এর আগে সৌদি যুবরাজের কাছে বিক্রির সিদ্ধান্ত বাতিল করার পর রূপালী ব্যাংককে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল সরকার। পাশাপাশি ভালো ক্রেতা পাওয়া গেলে নতুন করে দরপত্র আহ্বানের মাধ্যমে ব্যাংকটি বিক্রির বিষয়টিও বিবেচনায় ছিল। ২০০৩ সালে রূপালী ব্যাংক বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার উদ্যোগ নেওয়ার পর থেকে ব্যাংকটির নতুন শাখা খোলা, ঋণ বিতরণ ও নতুন নিয়োগ বন্ধ রয়েছে। প্রাথমিক চুক্তির পরও সৌদি যুবরাজ বন্দর বিন মোহাম্মদ বিন আব্দুর রহমান আল-সৌদ প্রায় দেড় বছর ব্যাংকটির হস্তান্তর প্রক্রিয়া ঝুলিয়ে রাখায় গত মার্চ মাসের প্রথম দিকে সরকার চুক্তিটি বাতিল করে। ব্যাংকটিকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার জন্য বেসরকারিকরণ কমিশনকে যে ক্ষমতা দেওয়া হয়েছিল তাও প্রত্যাহার করা হয়। তখন বেসরকারিকরণ কমিশনের এক প্রতিবেদনে বলা হয়, সৌদি যুবরাজ ব্যাংকটি কেনার নামে প্রায় দেড় বছর ধরে শুধু 'কালক্ষেপণ' করেছেন। সেলস অ্যান্ড পারচেজ এগ্রিমেন্টে (এসপিএ) সই না করে সরকারের সঙ্গে করা প্রাথমিক চুক্তিও ভঙ্গ করেছেন তিনি। প্রতিবেদনের সুপারিশের আলোকেই সরকার রূপালী ব্যাংক বিক্রির কার্যক্রম বাতিল ঘোষণা করে। সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সৌদি যুবরাজের রূপালী ব্যাংক না কেনার ঘটনাকে দুঃখজনক মন্তব্য করে ব্যাংকটি দ্রুত সচলের পদক্ষেপ নিতে সরকারকে পরামর্শ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/এমএ/১৮৫৫ ঘ.