ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন বাজেটে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ না রাখার দাবি জানিয়েছেন সাবেক উপদেষ্টা, অর্থনীতিবিদ ও রাজনৈতিক দলের নেতারা।
জাতীয় প্রেসক্লাবে মঙ্গলবার দুপুরে ভোরের কাগজ আয়োজিত 'বাজেট প্রস্তাবনা: কর ব্যবস্থার পুনর্বিন্যাস ও দুর্নীতি দমনের উপায়' শীর্ষক গোলটেবিল আলোচনায় তারা এ দাবি জানিয়ে বলেন, অপ্রর্দশিত আয় বৈধ করার সুযোগ দিয়ে সরকার দুর্নীতিকেই প্রশ্রয় দিচ্ছে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমেদ বলেন, "অপ্রর্দশিত আয় বৈধ করার সুযোগ দেওয়া কোনভাবেই উচিত হবে না। এটা ন্যায়বিচারের পরিপন্থী। এর ফলে সামাজিক বৈষম্য সৃষ্টি হয়।"
প্রতিবারই সরকার অপ্রর্দশিত আয় বৈধ করার সুযোগ দিচ্ছে অভিযোগ করে তিনি বলেন, "শীর্ষ ব্যবসায়ীরা এ সুযোগ দেওয়ার জন্য সরকারকে চাপ দেন। সরকারও তাদের সঙ্গে তাল মেলায়।"
গোলটেবিলে বাংলাদেশের ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, "আমি বৈধ সম্পদের জন্য বেশি টাকা কর দিয়েছি। অথচ অনেকে কম কর দিয়ে অবৈধ আয় বৈধ করেছে। এ বৈষম্য মেনে নেওয়া যায় না।"
যারা অবৈধ আয় বৈধ করেন তাদের চিহ্নিত করে নির্বাচনে অযোগ্য ঘোষণা এবং সরকারের কোনো সংস্থায় না বসানোর দাবি জানান তিনি।
সাবেক উপদেষ্টা হাফিজউদ্দিন খান বলেন, "আয়কর আইনের যথাযথ প্রয়োগ করে কর প্রদানের ক্ষেত্রে বিদ্যমান সব সমস্যার সমাধান সম্ভব। এই আইনের প্রয়োগকারীরাই কর আদায়ের ক্ষেত্রে সমস্যা তৈরি করেন।"
ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তের সভাপতিত্বে গোলটেবিলে সাবেক উপদেষ্টা এস এম শাহজাহান, জাতীয় পার্টির (এরশাদ) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সাংবাদিক এ বি এম মূসা, আমাদের সময়ের সম্পাদক নাঈমুল ইসলাম খান, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা আলী আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ কে আজাদ চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/আরএ/এসএনডি/এমএ/১৭৪০ ঘ.
bdnews24