ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সঞ্চয়কে একটি জাতীয় আন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ।
সঞ্চয় সপ্তাহ ২০০৮ এর উদ্বোধন উপলক্ষে রোববার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
১৮-২৪ মে সঞ্চয় সপ্তাহ উপলক্ষে জাতীয় সঞ্চয় পরিদপ্তর এ আলোচনা সভার আয়োজন করে।
নিজের ঘর থেকে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়ে আবদুল মজিদ বলেন, "আর্থিক নিরাপত্তার জন্য সঞ্চয়কে একটি জাতীয় আন্দোলনে পরিণত করতে হবে।"
তিনি বলেন, "আমাদের দেশে প্রতিটি শিশুই জন্ম নেয় ঋণের বোঝা মাথায় নিয়ে। বাবা-মা সঞ্চয়ী হলে শিশুদের মধ্যেও সঞ্চয়ের অভ্যাস গড়ে উঠবে। আত্মনির্ভরশীল হতে হলে সঞ্চয়ের বিকল্প নেই।"
আলোচনা অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপটি গভর্নর মুর্শিদ কুলী খান বলেন, "আমাদের দেশে মোট জাতীয় সঞ্চয়ের হার ২০ দশমিক পাঁচ শতাংশ যা পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় অনেক কম। এ হার বাড়াতে হলে সবাইকে সঞ্চয়ী হতে হবে।"
চীনের উদাহরণ টেনে তিনি বলেন, "আগামী ৩০ বছরের মধ্যে বাংলাদেশ মধ্য আয়ের দেশ হিসেবে পরিণত হবে বলে যে আশা প্রকাশ করা হয় তা কেবল সঞ্চয়ের মাধ্যমেই সম্ভব। কারণ চীনের সাধারণ মানুষ সঞ্চয়ের মাধ্যমে মূলধারার অর্থনীতিতে ব্যাপক অবদান রাখছে। বাংলাদেশেও এটি হতে পারে।"
সবাইকে সঞ্চয়ে উৎসাহিত করে বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক মোবাশশের উর রহমান বলেন, "ব্যক্তিগতভাবে মাটির ব্যাংকে সঞ্চয় না করে আপনারা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সঞ্চয় করে জাতীয় অর্থনীতিতে ভুমিকা রাখুন।"
তিনি জানান, বাংলাদেশ সঞ্চয় ব্যুরো, ব্যাংক ও ডাকঘরের মাধ্যমে বিভিন্ন প্রকার সঞ্চয়পত্র, বন্ড, ডাকঘর সঞ্চয় ব্যাংক ও ডাক জীবন বীমা- ইত্যাদি জাতীয় সঞ্চয় প্রকল্পের মাধ্যমে চলতি অর্থ বছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত নয় মাসে ১০ হাজার ৫৪০ কোটি টাকা বিনিয়োগ হয়েছে যা গত অর্থ বছরের একই সময়ের তুলনায় বেশি।
জাতীয় সঞ্চয় পরিদপ্তরের পরিচালক সাইফুদ্দিন আহমেদ মজুমদার এ আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/জেকে/এসকে/২১৪৩ঘ.
bdnews24