ঢাকা মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আট বছরে পদার্পণ উপলক্ষে শাহজালাল ইসলামী ব্যাংক নতুন পাঁচটি সঞ্চয় প্রকল্প ও ছয়টি বিনিয়োগ প্রকল্প চালু করেছে।
রোববার মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, "১৮ মে থেকে ৩০ জুন শাহজালাল ব্যাংকের 'বিশেষ সেবাকাল'কে সামনে রেখে এসব প্রকল্প চালু করা হচ্ছে।"
নতুন পাঁচটি সঞ্চয় প্রকল্প হচ্ছে- মুদারবা লাখপতি আমানত প্রকল্প, মুদারবা বিবাহ সঞ্চয় আমানত প্রকল্প, মুদারাবা মোহর আমানত প্রকল্প, মুদারাবা শিক্ষা সঞ্চয় প্রকল্প এবং মুদারবা স্পেশাল মেয়াদী আমানত প্রকল্প।
এ সব প্রকল্পের বার্ষিক মুনাফার হার ১১ দশমিক ১০ থেকে ১১ দশমিক ৬০ শতাংশ পর্যন্ত।
এছাড়া নতুন বিনিয়োগ প্রকল্প ছয়টি হচ্ছে- শিক্ষা বিনিয়োগ প্রকল্প, বিবাহ বিনিয়োগ প্রকল্প, সিএনজি রূপান্তর বিনিয়োগ প্রকল্প, ডাক্তারদের জন্য বিনিয়োগ প্রকল্প, নির্বাহীদের জন্য বিনিয়োগ প্রকল্প ও বৈদেশিক চাকরি বিনিয়োগ প্রকল্প।
এসব নতুন প্রকল্পের পাশাপাশি পুরনো নয়টি সঞ্চয় প্রকল্প ও সাতটি বিনিয়োগ প্রকল্প চালু থাকবে বলে মোহাম্মদ আলী জানান।
তিনি জানান, কৃষি খাতে বিনিয়োগ বাড়াতে শাহজালাল ব্যাংক 'রুরাল ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (আরইপি)' নামে একটি কর্মসূচি হাতে নিয়েছে। এ কর্মসূচির মূল লক্ষ্য দেশের প্রত্যন্ত অঞ্চলে কৃষি খাতসহ কৃষি নির্ভর অন্যান্য খাতে বিনিয়োগ বাড়ানো। আর এ লক্ষ্যে ২০৪০ সালের মধ্যে দেশের সব উপজেলায় ব্যাংকের একটি করে শাখা খোলা হবে।
মোহাম্মদ আলী জানান, বিদ্যুৎ সঙ্কটের বিষয়টি বিবেচনা করে এ খাতেও শাহজালাল ব্যাংক বিনিয়োগ করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমএ/১৬৫৫ ঘ.
bdnews24