ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে নতুন পাঁচটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে চারশ কোটি টাকা বিনিয়োগ করেছে বেসরকারি ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক। আগামী অক্টোবরের মধ্যে বিদ্যুৎ কেন্দ্রগুলো চালু হলে জাতীয় গ্রিডে ৯০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে।
মতিঝিলে এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাংকের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। এসসিসির ১৫ বছরপূর্তি উপলক্ষে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক এস এম শামসুল আলম, গোলাম হাফিজ আহমেদও বক্তব্য দেন।
তোফাজ্জল হোসেন বলেন, "বর্তমান বিদ্যুৎ সঙ্কটের বিষয় বিবেচনা করে আমরা বিদ্যুৎ খাতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। এজন্য ফেনী, নরসিংদী ও টাঙ্গাইলে তিনটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য ডরিন পাওয়ার জেনারেশন কোম্পানিকে ৩৪৫ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র থেকে ২৩ মেগাওয়াট করে মোট ৬৯ বিদ্যুৎ উৎপাদিত হবে। এছাড়া সামিট গ্র"প ও হোসাফ গ্র"পকে দুটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে ৫৫ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। তাদের কেন্দ্র থেকে আসবে ২০ থেকে ২১ মেগাওয়াট বিদ্যুৎ।"
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিন বলেন, "ডরিন পাওয়ার জেনারেশনকে দেওয়া ঋণের ৫৬ শতাংশ সংগ্রহ করা হয়েছে সরকার ও বিশ্বব্যাংকের সহায়তায় গঠিত ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যন্ড ফাইন্যান্স ফ্যাসিলিটি (আইপিএফএফ) এর তহবিল থেকে। ১৪ শতাংশ টাকা নিজের তহবিল থেকে দিয়েছে এনসিসি ব্যাংক। আরা বাকিটা ব্যাংকের উদ্যোক্তাদের মূলধন থেকে সংগৃহীত।"
সামিট ও হোসাফ গ্র"পকে দেওয়া ঋণের টাকা ব্যাংকের নিজস্ব তহবিল থেকে যোগান দেওয়া হয়েছে জানিয়ে নুরুল আমিন বলেন, "সবগুলো বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের জন্য সরকারের সঙ্গে চুক্তি হয়েছে।"
বেরসকারি খাতের অবকাঠামো উন্নয়নের জন্য ২০০৬ সালের ২১ আগস্ট ১০৫ দশমিক ২ মিলিয়ন ডলারের আইপিএফএফ তহবিল করা হয়।
তোফাজ্জল হোসেন বলেন, "বেসরকারি পর্যায়ের সবগুলো ব্যাংক বিদ্যুৎ খাতের উন্নয়নে এগিয়ে এলে দেশের সঙ্কট অনেকটাই কেটে যাবে।"
গত কয়েক বছরে ব্যাংকের সাফল্য বর্ণনা করে তিনি বলেন, "২০০২ সালে এনসিসি ব্যাংক ৫৯ কোটি ৭৫ লাখ টাকা পরিচালন মুনাফা অর্জন করে। ২০০৭ সালে তা বেড়ে হয়েছে ১৭৮ কোটি টাকা। ২০০২ সালে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৯ দশমিক ৩৯ শতাংশ। ২০০৭ তা কমে ৪ দশমিক ১৭ শতাংশে নেমে এসেছে।"
প্রবাসীদের পাঠানো অর্থ প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়ার জন্য বেসরকারি সংস্থা ঠ্যাংগামারা সবুজ সংঘের (টিএমএসএস) ২৫০টি কার্যালয়ে এটিএম বুথ স্থাপন করা হবে বলে জানান তিনি।
তোফাজ্জল হোসেন বলেন, "বাংলাদেশ ব্যাংকের আহ্বানে সাড়া দিয়ে এনসিসি ব্যাংক ঋণের সুদের হার কমানোর উদ্যোগ নিয়েছে। শিগগিরই এ ব্যাপারে ইতিবাচক ফল পাওয়া যাবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/এমএইচবি/২০৪৬ ঘ.
bdnews24