ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহ জুড়ে সাদামাটা লেনদেনের পর বৃহস্পতিবার ঢাকার পুুঁজিবাজার চাঙা হয়ে ওঠে। এদিন সূচক ও লেনদেন দুইই বেড়েছে।
মধ্যস্ততাকারী প্রতিষ্ঠান আইডিএলসি সিকিউরিটিজ এর একজন কর্মকর্তা বলেন, "বৃহস্পতিবার শেয়ার কেনার ব্যাপারে বিনিয়োগকারীদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া গেছে। বাজারে মুনাফা তুলে নেওয়ার প্রবণতাও ছিল খানিকটা কম।"
বিশেষজ্ঞদের মতে, গত ক'দিন ধরে বাজার পড়তে থাকায় বিনিয়োগকারীরা বিনিয়োগের ব্যাপারে খানিকটা দ্বিধাগ্রস্ত ছিলেন।
মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান এইমস্ এর প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াওয়ের সাঈদ বলেন, "সাদামাটা বাজারে বিনিয়োগকারীরা বুঝে উঠতে পারছিলেন না এ অবস্থায় তারা কি করবেন।"
তিনি বলেন, "বাজারে অন্তত ৩৫০টি কোম্পানির শেয়ার আছে যেগুলোর আচরণ সন্তোষজনক নয়। এসব প্রতিষ্ঠানে বিনিয়োগের ব্যাপারে তাদের মধ্যে হতাশা রয়েছে।"
দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৩২ দশমিক ৮৫ পয়েন্ট বা এক দশমিক ০৮ শতাংশ বেড়ে ৩০৫২ দশমিক ৬১ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ২৮ দশমিক ০৪ পয়েন্ট বা এক দশমিক ০৯ শতাংশ বেড়ে হয়েছে ২৫৮৯ দশমিক ৭৬ পয়েন্ট। ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ২৩ দশমিক ২৩ পয়েন্ট বা দশমিক ৯৬ শতাংশ বেড়ে ২৪২৭ দশমিক ১৯ পয়েন্ট হয়।
দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০৫ কোটি টাকার ২ কোটি ৩১ লাখ ৫৯ হাজার ২০৭টি শেয়ার লেনদেন হয়। এরমধ্যে ১২০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত ছিল ১১টির দাম।
লেনদেনের তালিকার শীর্ষে থাকা এবি ব্যাংকের শেয়ারের দাম দশমিক ৪৬ শতাংশ কমে ৪০৭২ টাকা ৫০ পয়সা হয়েছে।
জেড ক্যাটাগরির শেয়ার ইউসিবিএল এর শেয়ারের দাম ৭ দশমিক ৩০ শতাংশ বেড়ে ৬০৯৬ টাকা ২৫ পয়সা হয়। এ ছাড়া স্কয়ার ফার্মার শেয়ারের দাম ৩ দশমিক ৩৮ শতাংশ বেড়ে ৫২৪৩ টাকা ২৫ পয়সায় দাঁড়িয়েছে।
এইমস্ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম দশমিক ৬৩ শতাংশ কমে ১৫ টাকা ৫৫ পয়সা হয়। অন্যদিকে লঙ্কা-বাংলা ফিনান্স এর শেয়ার ২ দশমিক ৯০ শতাংশ বেড়ে ১৪৮ টাকা ৬০ পয়সা হয়েছে।
ডিএসইতে লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানির মধ্যে ইউনিয়ন ক্যাপিটাল, হেইডেলবার্গ সিমেন্ট, আইডিএলসি, অ্যাপেক্স ট্যানারি ও যমুনা অয়েলের শেয়ারের দাম বেড়েছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব শেয়ার সূচক ছিল ঊর্ধ্বমুখী।
বৃহস্পতিবার সিএসইতে ৫০ কোটি ২৬ লাখ ৮০ হাজার টাকার ৩১ লাখ ২৬ হাজার ৫৫৫টি শেয়ার লেনদেন হয়।
সিএসইতে সার্বিক শেয়ার সূচক বা সিএএসপিআই ৯৭ দশমিক ১৪ পয়েন্ট বা এক দশমিক ১৩ শতাংশ বেড়ে ৮৬৮১ দশমিক ৫৪ পয়েন্ট হয়। সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ৫৮ দশমিক ৬৮ পয়েন্ট বা এক দশমিক ০৬ শতাংশ বেড়ে হয়েছে ৫৫৮১ দশমিক ৪৯ পয়েন্ট। এছাড়া সিএসই-৩০ ব্লুচিপ শেয়ার সূচক ৮৯ দশমিক ৭৫ পয়েন্ট বা এক দশমিক ১৭ শতাংশ বেড়ে ৭৭০৬ দশমিক ৯৯ পয়েন্ট হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/এমএ/১৮৫৬ ঘ.
bdnews24