মারুফ মল্লিক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্যাসে ভর্তুকির কারণে সৃষ্ট ঘাটতি মেটাতে সরকারের কাছে ১০০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে পেট্রোবাংলা।
জ্বালানি বিভাগের সচিব মোহাম্মদ মহসীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পেট্রোবাংলার জন্য এক হাজার কোটি টাকার একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। গ্যাস বিক্রির ঘাটতি পূরণের জন্য এ টাকা চাওয়া হয়েছে।"
পেট্রোবাংলার কর্মকর্তারা জানান, বেশি দামে কিনে কম দামে গ্যাস বিক্রির কারণে সংস্থাটিকে প্রতি মাসে ৮০ কোটি টাকা লোকসান দিতে হচ্ছে। পেট্রোবাংলার ক্রমপুঞ্জিভূত লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ১৭০০ কোটি টাকা।
সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অন্তবর্তীকালীন ব্যবস্থা হিসাবে আমরা ১০০০ কোটি টাকা চেয়েছি। এর আগে আরো ১৬৪৯ কোটি টাকা চেয়েছিলাম। দু'মাস হয়ে গেলেও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।"
নাম না প্রকাশ করার শর্তে পেট্রোবাংলার এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকার বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) ঘাটতি মেটানোর জন্য অর্থ বরাদ্দ দিয়ে থাকে। বিপিসি বেশি দামে তেল আমদানি করে কম দামে বিক্রি করে। পিডিবিও বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর কাছ থেকে বেশি দামে বিদ্যুৎ কিনে কম দামে বিক্রি করছে। আর পেট্রোবাংলাও উত্তোলনকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে বেশি দামে গ্যাস কিনে কম দামে বিক্রি করছে। আর এ কারণে প্রতি বছর বিপুল অঙ্কের টাকা ঘাটতি থেকে যাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/এমএ/১৮৩৫ ঘ.
bdnews24