ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিনিয়োগকারীদের মধ্যে ব্যাংকসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার ছেড়ে দেওয়ার প্রবণতায় ঢাকার পুঁজিবাজারে মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো সূচকে পতন হয়েছে। তবে বেড়েছে লেনদেন।
বাজার বিশ্লেষকরা বলছেন, ব্যাংক ও নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি করে মিউচুয়াল ফান্ড ও ওষুধ কোম্পানির শেয়ারের দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা। আর এর প্রভাবেই পতন হয়েছে মূল্য সূচকের।
বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেওয়ায় রাষ্ট্রায়ত্ত তেল ও বিদ্যুৎ কোম্পানির শেয়ারের দামও কমেছে এদিন।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ভাইস প্রেসিডেন্ট আহমেদ রশিদ লালী বলেন, "গত ক'দিনের সাদামাটা লেনদেনের পর বাজারের এই অবস্থা ছিল অনেকটা পূর্বানুমেয়।"
আইএফআইসি ব্যাংকের শেয়ারের মূল্য সমন্বয়ও সূচক পতনে কিছুটা প্রভাব রেখেছে বলে মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার দিনের শুরুতেই ডিএসইতে ডিজিইএন বা সাধারণ সূচক পড়তে শুরু করে। দিনশেষে এটি ৫৫ দশমিক ১৩ পয়েন্ট বা ১ দশমিক ৭৮ শতাংশ কমে দাঁড়ায় ৩০২৬ দশমিক ২৩ পয়েন্টে। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৫ দশমিক ৩৯ পয়েন্ট বা দশমিক ২০ শতাংশ কমে হয়েছে ২৫৬২ দশমিক ৯১ পয়েন্ট।
তবে ডিএসই- ২০ ব্লুচিপ শেয়ার সূচক ৩৬ দশমিক ০৫ পয়েন্ট বা এক দশমিক ৫১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৪২১ দশমিক ৭৭ পয়েন্ট।
এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩৭০ কোটি টাকার ২ কোটি ৮৭ লাখ ৫৯ হাজার ২৩টি শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ৯১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত ছিল ১৬টির দাম।
দিনের লেনদেনের তালিকার শীর্ষে থাকা স্কয়ার ফার্মার শেয়ারের দাম ৫ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে হয় ৫১৪৩ টাকা ৭৫ পয়সা।
দ্বিতীয় অবস্থানে থাকা এবি ব্যাংকের শেয়ারের দাম আগের দিনের চেয়ে ২ দশমিক ৩৫ শতাংশ কমে ৪১২০ টাকা ৫০ পয়সা হয়েছে।
এ ছাড়া এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম ৭ দশমিক ৮৬ শতাংশ বেড়ে ১৪ টাকা ৬৮ পয়সা হয়। অন্যদিকে আইএফআইসি ব্যাংকের শেয়ারের দাম ৪৮ দশমিক ৯১ শতাংশ কমে ১৪৯৮ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে।
বিনিয়োগকারীদের চাহিদার কারণে গ্রামীণ মিউচুয়াল ফান্ড ওয়ানের শেয়ারের দাম ৩ দশমিক ৮১ শতাংশ বেড়ে ১৩৫ টাকা ৯০ পয়সা হয়।
মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় বাজারে লেনদেনে থাকা অন্য প্রতিষ্ঠানের মধ্যে রাষ্টায়ত্ত যমুনা ওয়েল, অ্যাপেক্স অ্যাডেলচি ফুটওয়্যার, ইউনিয়ন ক্যাপিটাল ও লঙ্কা বাংলা ফিনান্স এর শেয়ারের দাম কমলেও বেড়েছে ইউসিবিএল এর শেয়ারের দাম।
মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪২ কোটি ৪৯ লাখ ৬০ হাজার টাকার ৪১ লাখ ২৪ হাজার ৫১২টি শেয়ার লেনদেন হয়।
সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ২ দশমিক ২৯ পয়েন্ট বা দশমিক ০২ শতাংশ বেড়ে ৮৬০৩ দশমিক ৫১ পয়েন্ট হয়। সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক দশমিক ৮৩ পয়েন্ট বা দশমিক ০১ শতাংশ কমে হয়েছে ৫৫৪৮ দশমিক ০৯ পয়েন্ট। এছাড়া সিএসই- ৩০ ব্লুচিপ শেয়ার সূচক ৪৮ দশমিক ২৭ পয়েন্ট বা দশমিক ৬৩ শতাংশ বেড়ে ৭৬৪২ দশমিক ০৫ পয়েন্ট হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/এসএনডি/২১২৪ ঘ.
bdnews24