২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান উপদেষ্টার ভাষণকে স্বাগত জানিয়েছে এফবিসিসিআই

প্রধান উপদেষ্টার ভাষণকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি আনিসুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2008, 04:46 PM

Updated : 26 Aug 2022, 01:49 PM

ঢাকা, ১২ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--প্রধান উপদেষ্টার ভাষণকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি আনিসুল হক। নিউ ইয়র্ক থেকে টেলিফোনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আনিসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেওয়ায় প্রধান উপদেষ্টার ভাষণকে ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে আমি স্বাগত জানাই। একই সঙ্গে আমি আশা করি শান্তিপূর্ণ পরিবেশে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ধারা ফিরে আসবে।" আনিসুল হক আরও বলেন, "সারা দেশে ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় রাজনৈতিক দলগুলো সহনশীল আচরণ করবে বলে আমি আশা করি।" দেশে যাতে কোনো অবস্থাতেই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয় সেদিকে সবাইকে সজাগ থাকতে অনুরোধ জানান এ ব্যবসায়ী নেতা। এফবিসিসিআই সভাপতি আরও বলেন, "প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক সংলাপে বসার যে ঘোষণা দিয়েছেন তা যাতে ফলপ্রসু হয় সে ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে সহনশীল মনোভাব নিয়ে আলোচনায় বসতে হবে। দেশে যাতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয় সে বিষয়টি বিবেচনায় রেখেই রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসতে হবে।" রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের দলের সংস্কারের যে ঘোষণা দিয়েছে তা দ্রুত সম্পন্ন করার ব্যাপারে নেতাদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেন আনিসুল হক। তিনি এ প্রসঙ্গে বলেন, "একটি বিষয় বিবেচনায় রাখতে হবে যে রাজনৈতিক দলগুলোর সংস্কার ছাড়া কোনো নির্বাচন হলে তা আমাদের জন্য ভালো কিছু বয়ে আনবে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/২২০০ঘ.