২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বাজেট হবে বড় ধরনের ঘাটতি বাজেট: অর্থ উপদেষ্টা

আগামী ২০০৮-০৯ অর্থবছরের বাজেট বড় ধরনের ঘাটতি বাজেট হবে বলে আগেই জানিয়ে দিলেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম। সোমবার রাজধানীর শেরে বাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় তিনি বলেছেন, "সরকার সব সময়ই ঘাটতি বাজেট দিয়ে থাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2008, 12:21 PM

Updated : 26 Aug 2022, 01:49 PM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২০০৮-০৯ অর্থবছরের বাজেট বড় ধরনের ঘাটতি বাজেট হবে বলে আগেই জানিয়ে দিলেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম। সোমবার রাজধানীর শেরে বাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় তিনি বলেছেন, "সরকার সব সময়ই ঘাটতি বাজেট দিয়ে থাকে। চলতি ২০০৭-০৮ অর্থবছরের বাজেটে বিভিন্ন খাতে ভর্তুকির পরিমাণ বেড়ে যাওয়ায় বাজেট ঘাটতি নির্ধারিত লক্ষ্যমাত্রা অতিক্রম করবে। নতুন বাজেটে ঘাটতির পরিমাণ আরও বাড়বে।" উপদেষ্টা বলেন, "নানামুখী সংঘাতের মধ্য দিয়ে বাজেট প্রণয়ন করতে হয়। এক খাতে বরাদ্দ বাড়ালে অন্য খাতে কমাতে হয়। কোনও একটি খাতে ঘাটতি বাড়লে সার্বিক অর্থনীতিতে তার নেতিবাচক প্রভাব পড়ে।" চলতি অর্থবছরের বাজেটে অনুদান ও বিপিসি'র (বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন) দায়সহ সামগ্রিক ঘাটতির পরিমাণ ছিল ২৫ হাজার ৫৮১ কোটি টাকা ( জিডিপির ৪ দশমিক ৮ শতাংশ)। অনুদান ব্যতীত ও বিপিসি'র দায়সহ ঘাটতির পরিমাণ ছিল ২৯ হাজার ৮৩৬ হাজার কোটি টাকা (জিডিপির ৫ দশমিক ৬ শতাংশ)। আর অনুদান ও বিপিসি'র দায় বাদে ঘাটতির পরিমাণ ছিল ২২ হাজার ৩১৩ কোটি টাকা ( জিডিপির ৪ দশমিক ২ শতাংশ)। চ্যানেল আই আয়োজিত "কৃষি বাজেট, কৃষকের বাজেট-২০০৮" শীর্ষক ওই আলোচনায় সভায় প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা। দেশের অর্থনীতির বর্তমান অবস্থায় কৃষির গুরুত্ব অনেক বেশি উল্লেখ করে মির্জ্জা আজিজুল বলেন, "এ বিষয়টি বিবেচনায় রেখেই নতুন বাজেটে কৃষি ও কৃষি সম্পর্কিত খাত বিশেষ করে কৃষি, পানিসম্পদ ও ভৌত অবকাঠামো খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।" তবে কৃষিই অর্থনীতির একমাত্র খাত নয়- এ বিষয়টিও বিবেচনায় রাখতে সবার প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, "নতুন বাজেটে কৃষি খাত ছাড়াও বিদ্যুৎ, পরিবহন ও মানব সম্পদ উন্নয়ন খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। নিম্ন আয়ের মানুষের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বাড়ানো হবে। কর্মসংস্থান সৃষ্টিমূলক 'গ্যারান্টি স্কিম' গ্রহণ করা হবে।" অনুষ্ঠানে চ্যানেল আইয়ের কৃষি উন্নয়ন ও অর্থনীতি বিষয়ক অনুষ্ঠান হৃদয়ে মাটি ও মানুষের "কৃষি বাজেট ও কৃষকের বাজেট" কার্যক্রমের আওতায় অর্থ উপদেষ্টার কাছে পাঁচটি খাতের ৩৯ দফা সুপারিশ দেন প্রতিষ্ঠানটির পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। আলোচনায় অংশ নিয়ে কৃষি উপদেষ্টা সিএস করিম বলেন, "এবার বোরো ফলন এক কোটি ৮০ লাখ টন ছাড়িয়ে যাবে। এ ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত রাখতে হবে।" তিনি বোরো ধান ও আলুর বাম্পার ফলনের জন্য কৃষকদের ধন্যবাদ জানান। আগামীতেও কৃষকদের সার, বিদ্যুৎ, বীজ সরবরাহসহ সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়ে সিএস করিম আশা প্রকাশ করেন, নির্বাচিত সরকার এসেও এক্ষেত্রে বর্তমান সরকার গৃহীত কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা করলে কৃষি উৎপাদন বাড়বে। বর্তমান অর্থবছরে শুধু সারের জন্যই ৪ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে বলে কৃষি উপদেষ্টা জানান। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মানিক লাল সমদ্দার জানান, বার্ড ফ্লু'র কারণে পোল্ট্রি শিল্পের ক্ষতি পুষিয়ে দিতে নতুন কর অবকাশ সুবিধার (ট্যাক্স ব্রেকস) মেয়াদ বৃদ্ধিসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আলোচনায় অংশ নেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোজাফ্ফর আহমদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ, ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন, সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক এম আসাদুজ্জামান, সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, গোলাম সারওয়ার, মোয়াজ্জেম হোসেন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/এমএ/১৮১৫ঘ.