আবদুর রহিম হারমাছি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক
ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোনালী, জনতা ও অগ্রণী ব্যাংকের মতো রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংককেও পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিগগিরই এ সংক্রান্ত প্রস্তাব উপদেষ্টা পরিষদের বৈঠকে উত্থাপন হবে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদও এর সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "রূপালী ব্যাংক পাবলিক লিমিটেড কোম্পানি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাবলিক লিমিটেড কোম্পানি হওয়ার পর ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম শুরু হলে চিন্তা করা হবে সেটি বেসরকারি খাতে ছেড়ে দেওয়া যায় কিনা।"
অর্থ মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, সৌদি যুবরাজের কাছে বিক্রির সিদ্ধান্ত বাতিল করার পর রূপালী ব্যাংক নিয়ে সরকার তিনটি বিকল্প ভাবছিল। এগুলো হলো- পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর, বাজারে আরো শেয়ার ছেড়ে মূলধন সংগ্রহ এবং আবারও বিক্রির চেষ্টা করা। শেষ পর্যন্ত তিন বিকল্পের মধ্যে প্রথমটিকেই বেছে নেওয়া হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, "একবার চেষ্টা করে ব্যাংকটি বিক্রি করা যায়নি। তাই লিমিটেড কোম্পানিতে রূপান্তরের মাধ্যমে ব্যাংকটিকে সচল করে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার উদ্যোগ ভালো হবে।"
২০০৩ সালে সরকার রূপালী ব্যাংক বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার উদ্যোগ নেওয়ার পর থেকে ব্যাংকটির নতুন শাখা খোলা, ঋণ বিতরণ ও নতুন নিয়োগ বন্ধ রয়েছে।
প্রাথমিক চুক্তির পরও প্রায় দেড় বছর ধরে সৌদি যুবরাজ বন্দর বিন মোহাম্মদ বিন আব্দুর রহমান আল-সৌদের কাছে ব্যাংকটির হস্তান্তর প্রক্রিয়া ঝুলে ছিল। এরপর গত মার্চ মাসের প্রথম দিকে সরকার ব্যাংক বিক্রির চুক্তিটি বাতিল করে দেয়। ব্যাংকটিকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার জন্য বেসরকারিকরণ কমিশনকে যে ক্ষমতা দেওয়া হয়েছিল তাও প্রত্যাহার করে নেয় সরকার।
ওই সময় বেসরকারিকরণ কমিশনের প্রতিবেদনে বলা হয়, সৌদি যুবরাজ ব্যাংকটি কেনার নামে প্রায় দেড় বছর ধরে শুধু 'কালক্ষেপণ' করেছেন। সেলস অ্যান্ড পারচেজ এগ্রিমেন্টে (এসপিএ) স্বাক্ষর না করে সরকারের সঙ্গে করা প্রাথমিক চুক্তিও ভঙ্গ করেছেন তিনি।
এই প্রতিবেদনের সুপারিশের আলোকেই সরকার রূপালী ব্যাংক বিক্রির কার্যক্রম বাতিল ঘোষণা করে।
এদিকে, স
bdnews24