২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাধারণ বীমার কারণে দাবি নিষ্পত্তি বিলম্বিত হচ্ছে, অভিযোগ বিআইএ'র

বীমার দাবি দ্রুত নিষ্পত্তির ব্যাপারে রাষ্ট্রায়ত্ত সাধারণ বীমা করপোরেশনকে চাপ দেওয়ার জন্য বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানের প্রতি আহ্বান জানিয়েছে বেসরকারি বীমা কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2008, 02:10 PM

Updated : 26 Aug 2022, 01:48 PM

ঢাকা, মে ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বীমার দাবি দ্রুত নিষ্পত্তির ব্যাপারে রাষ্ট্রায়ত্ত সাধারণ বীমা করপোরেশনকে চাপ দেওয়ার জন্য বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানের প্রতি আহ্বান জানিয়েছে বেসরকারি বীমা কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশন। প্রচলিত আইন অনুসারে, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বেসরকারি বীমা কোম্পানিগুলোকে গ্রাহকের মোট বীমার ৫০ শতাংশ সাধারণ বীমার কাছে জমা রাখতে হয়। বিআইএ অভিযোগ করেছে, বীমার দাবি নিষ্পত্তির ব্যাপারে সাধারণ বীমা অনেক বেশি সময় নেয়। এতে গ্রাহকদের বীমার দাবি নিষ্পত্তিতে অনেক বেশি সময় লাগে। বীমা আইনের সংশোধনী দ্রুত প্রকাশেরও দাবি জানিয়েছে বিআইএ। বুধবার মতিঝিলে বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) কার্যালয়ে বাণিজ্য উপদেষ্টার সঙ্গে এক বৈঠকে বিআইএ প্রতিনিধিরা এসব দাবি জানান। বিআইএ সভাপতি রফিকুল ইসলাম বলেন, "বীমার দাবি নিষ্পত্তির ব্যাপারে সাধারণ বীমা করপোরেশন অনেক বেশি সময় নেয়। এতে গ্রাহকদের বীমার দাবি নিষ্পত্তিতে অনেক বেশি সময় লাগে। এ জন্য বহুজাতিক কোম্পানিগুলোর সঙ্গে ব্যবসা করতে গিয়ে আমাদের যথেষ্ট সমস্যা পোহাতে হয়।" তিনি জানান, সাধারণ বীমার দীর্ঘসূত্রতার কারণে ২০০৬ এর জুন পর্যন্ত ২২৯ কোটি টাকার চারশোর বেশি বীমা নিষ্পত্তির দাবি জমেছে। এ কারণে বহুজাতিক প্রতিষ্ঠানগুলো স্থানীয় বীমাকারীদের সঙ্গে ব্যবসা করার আগ্রহ হারাচ্ছে। এ মুহূর্তে বহুজাতিক কোম্পানিগুলোর বীমার মাত্র এক শতাংশ স্থানীয় বীমা কোম্পানিগুলোর হাতে রয়েছে। এ শিল্পের অগ্রগতিকে ধরে রাখতে সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে তা সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে রফিকুল ইসলাম বলেন, "দাবি নিষ্পত্তির বিষয়ে আলোচনায় বসতে সাধারণ বীমার কর্মকর্তারা অস্বস্তিবোধ করেন। তারা জানেন, অডিট তাদের জন্য বড় ধরনের ঝামেলা বয়ে আনবে। দক্ষ জনবল নিয়োগ করা না হলে এ অবস্থা চলতে থাকবে।" তিনি জানান, দেশে সাধারণ ও জীবন বীমা ব্যবসার দ্রুত প্রসার ঘটছে। দেশের অর্থনীতিতে এটা যথেষ্ট ইতিবাচক অবদান রাখছে। ২০০৫ সালের তুলনায় ২০০৬ সালে দেশে প্রিমিয়াম প্রবৃদ্ধির হার ছিল ২৩ শতাংশ। করপোরেট কর ও আয়করের ব্যাপারে সরকারের নীতি পুনর্বিবেচনারও আহ্বান জানান বিআইএ প্রতিনিধিরা। বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, "বর্তমান প্রশাসনের জন্য এ মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সমস্যা সমাধানের লক্ষ্যে সরকারের মধ্যে দক্ষতার সমন্বয় করা। এ সরকারের দায়িত্বে এসে আমরা প্রতি মুহূর্তে শিখছি।" বীমা শিল্পকে অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ উল্লেখ করে উপদেষ্টা বলেন, "সমস্যা সমাধানে সরকার সর্বাত্মক চেষ্টা করবে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি, কারণ এ শিল্প দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির একটা সূচক হিসেবে কাজ করে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/জেকে/২০০৩ ঘ.