ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাধারণ সূচক ৩১০০ পয়েন্টের ঘর অতিক্রম করায় রোববার ঢাকার পুঁজিবাজারে ছিল তেজিভাব। বাজারে আগের দিনের চেয়ে শেয়ার লেনদেনের পরিমাণ ও টাকার অঙ্ক দুইই বেড়েছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, সপ্তাহের প্রথম দিনে বিনিয়োগকারীদের দৃষ্টি ছিল ব্যাংক, ওষুধ, কেমিক্যাল, চামড়া ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের দিকে। তাই এসব খাতের শেয়ার লেনদেন বেড়েছে।
মধ্যস্ততাকারী প্রতিষ্ঠান লতিফ সিকিউরিটিজের একজন শীর্ষ কর্মকর্তা জানান, কিছু কিছু প্রতিষ্ঠান লভ্যাংশ ঘোষণা করায় তাদের শেয়ারের দামও বেড়েছে এদিন।
ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী সালাহউদ্দিন আহমেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাজারে লেনদেন ও সূচক দুইই সন্তোষজনক।"
বাজার সরগরম করতে কোনোরকম কারসাজি হচ্ছে না মন্তব্য করে তিনি বলেন, "মার্চেন্ট ব্যাংকগুলোও নিয়মবহির্ভূত ঋণ দিচ্ছে না।"
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ২৯ দশমিক ০৯ পয়েন্ট বা দশমিক ৯৪ শতাংশ বেড়ে ৩১০১ দশমিক ৯৪ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ১৯ দশমিক ৫৬ পয়েন্ট বা দশমিক ৭৫ শতাংশ বেড়ে হয়েছে ২৬১২ দশমিক ৮২ পয়েন্ট। ডিএসই- ২০ ব্লুচিপ শেয়ার সূচক ১৭ দশমিক ৭৪ পয়েন্ট বা দশমিক ৭৫ শতাংশ বেড়ে ২৩৭২ দশমিক ৯৯ পয়েন্ট হয়।
ডিএসইতে মোট ২৮১ কোটি টাকার ১ কোটি ৬১ লাখ ৮ হাজার ৭৪৭টি শেয়ার লেনদেন হয়। ২৪৩টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম কমেছে ১৫৪টির, বেড়েছে ৮৫টির এবং অপরিবর্তিত ছিল চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
লেনদেনের তালিকার শীর্ষে থাকা এবি ব্যাংকের শেয়ারের দাম ৮ দশমিক ৬০ শতাংশ বেড়ে হয়েছে ৪৩৩৭ টাকা।
এর পরের অবস্থানে থাকা আইএফআইসি ব্যাংকের শেয়ারের দাম ২ দশমিক ১২ শতাংশ বেড়ে ৩২০৩ টাকা ২৫ পয়সা হয়। চামড়া শিল্পের মধ্যে শীর্ষে থাকা অ্যাপেক্স অ্যাডেলচির শেয়ারের দাম পুনর্নির্ধারণের পর ২২ দশমিক ৪৯ শতাংশ কমে ৩৯০০ টাকায় দাঁড়ায়।
স্কয়ার ফার্মার শেয়ারের দাম ২ দশমিক ১২ শতাংশ বেড়ে ৪৬৪৯ টাকা হয়েছে।
জেড ক্যাটাগরির ইউসিবিএল এর শেয়ারের দাম দশমিক ৭০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৮৭৭ টাকা ৭৫ পয়সা।
অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে এইমস ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ও এসিআই এর শেয়ারের দাম বাড়লেও ব্র্যাক ব্যাংক ও যমুনা কসমেটিক্সের শেয়ারের দাম কমেছে।
চামড়া, মিউচ্যুয়াল ফান্ড ও কেমিক্যাল খাতের শেয়ারের উপর ভর করে রোববার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ছিল ঊর্ধ্বমুখী। তবে এ বাজারে মোট লেনদেনের পরিমাণ কমেছে।
সিএসইতে ৩৫ কোটি ৬২ লাখ টাকার ২৩ লাখ ৯৫ হাজার ৫৬০টি শেয়ার লেনদেন হয়। আগের দিনের লেনদেনের পরিমাণ ছিল ৪৩ কোটি ৫৩ লাখ ৩০ হাজার টাকা।
সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ৬৩ দশমিক ৩৭ পয়েন্ট বা দশমিক ৭৩ শতাংশ বেড়ে ৮৭১৯ দশমিক ১৪ পয়েন্ট হয়। সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ৪৯ দশমিক ৮৩ পয়েন্ট বা দশমিক ৮৯ শতাংশ বেড়ে হয়েছে ৫৬৪৪ দশমিক ২০ পয়েন্ট। এছাড়া সিএসই- ৩০ ব্লুচিপ শেয়ার সূচক ১২১ দশমিক ৬৩ পয়েন্ট বা এক দশমিক ৬২ শতাংশ বেড়ে ৭৬২৩ দশমিক ৭৮ পয়েন্ট হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/এসএনডি/১৯৩৬ ঘ.
bdnews24