মারুফ মল্লিক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের চিংড়ি শিল্পে শ্রমিক ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি শ্রমিক অধিকার জোট।
এপ্রিলের শেষ সপ্তাহে প্রকাশিত 'দি ট্রু কস্ট অব শ্রিম্প' শীর্ষক এক প্রতিবেদনে চিংড়ি শিল্পে শিশুশ্রমিক ব্যবহার ও নারী শ্রমিকদের ক্ষেত্রে বৈষম্যেরও অভিযোগ এনেছে আমেরিকান ফেডারেশন অব লেবার এবং কংগ্রেস অব ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশন (এএফএল-সিআইও)।
বিভিন্ন দেশের ৫৬টি শ্রমিক ইউনিয়ন এএফএল-সিআই্ও'র সদস্য।
তবে বাংলাদেশের চিংড়ি ও মৎস্য শিল্প সংশ্লিষ্টরা বলছেন, এএফএল-সিআইও'র ওই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে পুরনো তথ্যের ভিত্তিতে। এটি দেশের চিংড়ি শিল্পে বিরূপ প্রভাব ফেলবে। একটি চক্র চিংড়ি শিল্পকে ধ্বংস করার জন্য এ ধরনের অপতৎপরতায় লিপ্ত হয়েছে।
এএফএল-সিআইও'র প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে চিংড়ি ঘের স্থাপনে স্থানীয় ক্ষমতাশালীরা দরিদ্র কৃষকদের কাছ থেকে জমি নেয়। ঘের স্থাপনের এ প্রক্রিয়ায় কখনও কখনও জমি দখল ও জোর করে শ্রমদানে বাধ্য করার মতো ঘটনাও ঘটে। পাশাপশি পরিবেশও ক্ষতিগ্রস্ত হয়।
বাংলাদেশের চিংড়ি প্রক্রিয়াজাতকরণ শিল্প শ্রমিকদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, কারখানাগুলোতে দীর্ঘ মেয়াদে শ্রমিক নিয়োগের পরিবর্তে অস্থায়ী, চুক্তিবিহীন শ্রমিকদের কাজে লাগানো হয়। নারী শ্রমিকরা হন বৈষম্যের শিকার। শিশুদেরও শ্রমিক হিসাবে ব্যবহার করা হচ্ছে। প্রতিষ্ঠানগুলো শ্রমিকদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এবং কর্মক্ষেত্রের দুর্ঘটনা প্রতিরোধক ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে।
শ্রমিকদের বেতন সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, এই শিল্পে নতুন শ্রমিকদের মাসিক বেতন গড়ে ২৩ ডলার (১৫৭০ টাকা)। আর কিছুটা অভিজ্ঞ শ্রমিকদের ক্ষেত্রে মাসিক আয় কমবেশি ২৬ ডলার (১৭৭০ টাকা)। অনেক শ্রমিক প্রতি ২২ পাউন্ড চিংড়ি পরিষ্কার করার জন্য মাত্র ১৫ সেন্ট (৯ টাকার মতো) পান।
প্রতিবেদনে বলা হয়েছে, চিংড়ি প্রক্রিয়াজাতকরণ শিল্প কারখানাগুলোতে শ্রমিকদের ১২ ঘণ্টাও কাজ করতে হয়। অন্তত পাঁচটি কারখানার শ্রমিকরা এএফএল-সিআইওকে জানিয়েছে, তাদের শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত কাজ করতে হয়।
প্রতিবেদনে বাংলাদেশের চিংড়ি শিল্পে শিশুশ্রমের ওপর নির্ভরশীলতাকে উদ্বেগের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছে এএফএল-সিআইও।
তারা বলছে, এ দেশে ৫ থেকে ১৪ বছর বয়সী শিশুদের ১৩ দশমিক ৪ শতাংশ শ্রম দিতে বাধ্য হচ্ছে। চিংড়ি শিল্পে শিশু শ্রমিকরা মূলত প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্টে পণ্য বোঝাইয়ের কাজ করে। কিন্তু তাদের শ্রমিক হিসাবে তালিকাভুক্ত করা হয় না।
এ প্রতিবেদন সম্পর্কে বাংলাদেশ শ্রিম্প অ্যান্ড ফিশ ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেশের শিল্প মালিকরা যখন নতুন শ্রম আইন বাস্তবায়নের দিকে এগুচ্ছে তখনই এ ধরনের প্রতিবেদন সবার মধ্যে হতাশা তৈরি করবে।
তিনি বলেন, "ওই প্রতিবেদনে পুরনো তথ্য-উপাত্ত ব্যবহার করা হয়েছে। এ ধরনের প্রতিবেদনের কারণে বিভিন্ন দেশের ভোক্তা অধিকার সংগঠনগুলো আমাদের পণ্য বয়কট করতে পারে। আর তা হলে রপ্তানি কমে যাবে। কারখানা বন্ধ হয়ে যাবে; বেকারত্ব বাড়বে।"
গ্লোবাল অ্যকোয়াকালচার অ্যালায়েন্সের (জিএএ) নির্বাহী পরিচালক ওয়ালি স্টিভেনসের উদ্ধৃতি দিয়ে মাহমুদুল হক বলেন, "অনিশ্চয়তার আবহ তৈরির বদলে আমরা সমস্যা সমাধানের প্রত্যাশা করি।"
স
bdnews24