২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ দিন ছাড়া সাদামাটা ভাবে পুঁজিবাজারের সপ্তাহ পার

সাদামাটাভাবে গত সপ্তাহ পার করেছে ঢাকার পুঁজিবাজার। তবে ব্যাংক, বীমা, ওষুধ, আইসিবি মিউচুয়াল ফান্ডের ওপর ভর করে সপ্তাহের শেষ দিন বুধবার চাঙা হয়ে ওঠে। ১ মে সরকারি ছুটি থাকায় গত সপ্তাহে চার দিন লেনদেন হয়। গত সপ্তাহে মোট ১০ দশমিক ৮৪ বিলিয়ন কোটি টাকার লেনদেন হয়। গত সপ্তাহের চেয়ে ২৩ দশমিক ২২ শতাংশ লেনদেন বেড়ে গড়ে ২ দশমিক ৭১ বিলিয়ন টাকার লেনদেন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2008, 10:30 AM

Updated : 26 Aug 2022, 01:47 PM

ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাদামাটাভাবে গত সপ্তাহ পার করেছে ঢাকার পুঁজিবাজার। তবে ব্যাংক, বীমা, ওষুধ, আইসিবি মিউচুয়াল ফান্ডের ওপর ভর করে সপ্তাহের শেষ দিন বুধবার চাঙা হয়ে ওঠে। ১ মে সরকারি ছুটি থাকায় গত সপ্তাহে চার দিন লেনদেন হয়। গত সপ্তাহে মোট ১০ দশমিক ৮৪ বিলিয়ন কোটি টাকার লেনদেন হয়। গত সপ্তাহের চেয়ে ২৩ দশমিক ২২ শতাংশ লেনদেন বেড়ে গড়ে ২ দশমিক ৭১ বিলিয়ন টাকার লেনদেন হয়েছে। বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগকারীরা গত সপ্তাহে নানা ধরনের কেনাকাটায় ব্যস্ত থাকায় বাজারে সামান্য তারল্য সঙ্কট দেখা দেয়। বিনিয়োগ পরামর্শক বশির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ দেওয়ার ব্যাপারে সতর্ক থাকায় বাজারে সামান্য তারল্য সঙ্কট রয়েছে। এর ফলে বিনিয়োগকারীরা সপ্তাহব্যাপী মিশ্র কেনাকাটায় ব্যস্ত ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক বাণিজ্যিক ব্যাংকের এক কর্মকর্তা বলেন, বাজার নিয়ন্ত্রণে তারা ১ঃ১ এ ঋণ দেয়নি। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাণিজ্যিক ব্যাংকগুলো এখন ঋণ দেয়ার ব্যাপারে অনেক সতর্ক। লাগামহীনভাবে ঋণ দিলে বাজার উত্তপ্ত হওয়ার সম্ভাবনা থাকে। তিনি উল্লেখ করেন, বেশিরভাগ ব্যাংক ১ঃ ০.৫ অনুপাতে ঋণ দিয়েছে। ইতোমধ্যে বাজার পর্যবেক্ষকরা বাণিজ্যিক ব্যাংকের আচরণ নিয়ে কথা বলতে শুরু করেছে। ব্যাংকগুলোকে তারা দায়িত্বশীল হতে বলেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী সালাহউদ্দিন আহমেদ এ প্রসঙ্গে বলেন, "আমরা দেখেছি বিনিয়োগকারীরা বিশেষ করে খুচরা বিনিয়োগকারীরা শেয়ারের অবমূল্যায়ন করে বাজার উত্তপ্ত করে ফেলে।" তিনি বলেন, এদিক থেকে আমি বলবো বাণিজ্যিক ব্যাংকগুলোর আরো দায়িত্বশীল আচরণ করা উচিত। সপ্তাহের শুরুতে ডিজিইএন বা সাধারণ সূচক ছিল ৩০৭৯ দশমিক ৩৫। সপ্তাহ শেষে দশমিক ২১ শতাংশ কমে দাঁড়ায় ৩০৭২ দশমিক ৮৫। অন্যদিকে সপ্তাহ শেষে ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৬ দশমিক ৩৪ পয়েন্ট বা দশমিক ২৪ শতাংশ কমে বুধবার হয় ২৫৯৩ দশমিক ২৬। বাজার মূলধন দশমিক ১৯ শতাংশ কমে রোববারের ৮৫৬ দশমিক ৮৯ বিলিয়ন টাকা থেকে বুধবারে ৮৫৫ দশমিক ২২ বিলিয়ন টাকা হয়। লেনদেন তালিকার শীর্ষে ছিল এবি ব্যাংক, ইউসিবিএল, স্কয়ার ফার্মা, এসিআই ও আইএফআইসি ব্যাংক। নীট অ্যাসেট ভ্যালু ঘোষণা অনুযায়ী ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও তাদের মিউচুয়াল ফান্ড জি ক্যাটাগরিভুক্ত শেয়ার বাংলাদেশ লাগেজকে নিয়ে শীর্ষ দশের মধ্যে ছিল। সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে বিনিয়োগকারীদের পরামর্শ দেয় এমন একটি ওয়েব সাইটের সন্ধান পায় সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এসইসি'র নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ খান গত ২৯ এপ্রিল এক সংবাদ সম্মেলনে এ বলেন, ওয়েব সাইটটিতে আগামী দিনে কোন শেয়ারের দাম কত বাড়বে, লাভের জন্য কোন শেয়ার কিনতে হবে ইত্যাদি তথ্য রয়েছে। এসআইসি কর্মকর্তা ওয়েব সাইটের নাম জানাতে অস্বীকৃতি জানিয়ে বলেন, "বিষয়টি তদন্তাধীন থাকায় এখনই নামটি বলা যাচ্ছে না।" আইন অনুযায়ী শেয়ার বাজারের অনুমোদন ছাড়া এই ধরনের সেবা দেওয়া অবৈধ। ফরহাদ আহমেদ খান বলেন, "কেউ যদি আর্থিক বিশ্লেষণের জন্য অনুমোদনপ্রাপ্ত হন তিনি তা জনসম্মুখে প্রকাশ করতে পারেন না। পরামর্শ নির্দিষ্ট গ্রাহকভিত্তিক হওয়া প্রয়োজন।" তিনি বলেন, যারা বাজারকে নিয়ন্ত্রণ করার জন্য ওই ধরনের তৎপরতা চালাচ্ছেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার চিন্তা করছে এসইসি। অগ্রাধিকার দিয়ে এসইসি এই ধরনের কর্মকাণ্ড বন্ধ করবে। ইতোমধ্যে ব্রোকার হাউজের শাখা কার্যালয় স্থাপনের জন্য বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা (এসইসি) একটি নির্দেশমালা তৈরি করেছে এবং আগের দিনের চেয়ে কোনো শেয়ারের 'সার্কিট ব্রেকার' বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। এসইসি কর্মকর্তা বলেন, গত মঙ্গলবার কমিশনের এক সভায় প্রশাসনিক হয়রানি কমানোর জন্য এসইসি ব্রোকার হাউজের প্রতিনিধিদের লাইসেন্স নবায়নের মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে পাঁচ বছর করার সিদ্ধান্ত হয়েছে। ফরহাদ বলেন, ব্রোকার হাউজের শাখা কার্যালয়ের জন্য একটি নির্দেশমালা তৈরি করা হয়েছে যাতে করে বিনিয়োগকারীরা সমান নিরাপত্তা ভোগ করতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এমএআর/এমএ/১৬২২ ঘ.