ঢাকা, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খাদ্যপণ্যের দাম বাড়ার পাশাপাশি তীব্র প্রতিযোগিতা ও সম্প্র্রসারণশীল বাজারের কারণে গ্রামীণফোন বছরের বাকি সময়ে মুনাফা করার ক্ষেত্রে চাপে থাকবে বলে জানিয়েছেন টেলিনরের প্রধান নির্বাহী (সিইও) জন ফ্রেডরিখ বাকসাস।
এছাড়া কল রেট কমানোর কারণে বাংলাদেশে গ্রামীণফোনের মুনাফা (অপারেটিং প্রফিট) ৩২ শতাংশ কমেছে বলেও জানান তিনি। গ্রামীণফোনের ৬২ শতাংশ শেয়ারের মালিক নরওয়ের টেলিনর।
৩০ এপ্রিল নরওয়ের রাজধানী অসলোয় এ বছরের প্রথম তিন মাসের আর্থিক বিবরণ প্রকাশের সময় এক বিবৃতিতে টেলিনরের প্রধান নির্বাহী ফ্রেডরিখ বাকসাস বলেন, "কল রেট কমানোর কারণে বাংলাদেশে কার্যক্রম চালানোর ক্ষেত্রে গ্রামীণফোনের মুনাফা ৩২ শতাংশ কমেছে। এছাড়া খাদ্যপণ্যের দাম বাড়ার কারণে বছরের বাকি সময়ে মুনাফার ক্ষেত্রে আরও চাপে থাকবে প্রতিষ্ঠানটি।"
তিনি বলেন, "তীব্র প্রতিযোগিতা ও সম্প্র্রসারণশীল বাজার গ্রামীনফোনের গ্রাহক প্রতি রাজস্ব ও লভ্যাংশের ওপর চাপ ফেলবে।"
বাকসাস জানান, নরওয়ের বাইরে বিশ্বের বিভিন্ন দেশে ব্যবসা থেকে টেলিনরের প্রথম তিন মাসে লাভ বেড়েছে ৭১ শতাংশ। মূলত বাংলাদেশ, পাকিস্তান ও থাইল্যান্ডে গ্রাহক বাড়ার কারণে এ মুনাফা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে নরওয়েতে টেলিনরের ব্যবসায়িক মুনাফা ১৩ শতাংশ কমেছে। সেবার দাম কমানো ও কর্মী ছাঁটাইয়ের কারণে এমনটি হয়েছে বলে জানান তিনি।
গ্রাহক সংখ্যার হিসাবে নরডিক অঞ্চলের বৃহত্তম ও বিশ্বের সপ্তম মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিনর। তাদের মোট গ্রাহকের সংখ্যা ১৪ কোটি ৭০ লাখ।
টেলিনরের প্রতিবেদনে জানানো হয়, ২১ লাখ নতুন গ্রাহক নিয়ে পাকিস্তানে 'টেলিনর পাকিস্তান' এর রাজস্ব আয় প্রায় দ্বিগুণ হয়েছে। থাইল্যান্ডে টেলিনরের সহযোগী প্রতিষ্ঠান ডিটিএসি'র বিক্রিও বেড়েছে। আর টেলিনরের সহযোগী প্রতিষ্ঠান মালয়েশিয়ার ডিজিকমের বিক্রিও ৬ দশমিক ৮ শতাংশ বেড়েছে এ সময়ে।
এর আগে বুধবার ঢাকায় গ্রামীণ ফোনের চলতি বছরের প্রথম তিন মাসের আর্থিক বিবরণীতে বলা হয়, ২০০৮ এর জানুয়ারি-মার্চ সময়ে গ্রাহক সংখ্যা বেড়ে ১ কোটি ৭৮ লাখ হয়েছে। গত বছরের শেষে এ সংখ্যা ছিল এক কোটি ৬৫ লাখ। চলতি বছরের এপ্রিল নাগাদ গ্রাহক সংখ্যা এক কোটি ৮০ লাখেরও বেশি। এ সময় প্রতিষ্ঠানের মোট আয় এক হাজার ৪৩০ কোটি টাকা থেকে বেড়ে এক হাজার ৪৯০ কোটি টাকা হয়েছে। গত বছর মোট রাজস্ব ছিল পাঁচ হাজার ৪৪০ কোটি টাকা।
প্রতিবেদনে বলা হয়, এ বছরের প্রথম তিন মাসে ৫০৬ কোটি টাকার নতুন বিনিয়োগসহ সর্বমোট বিনিয়োগের পরিমাণ এখন ১১ হাজার ৭৪০ কোটি টাকা। এর মধ্যে গত বছর সর্বোচ্চ ৩ হাজার ৫৮০ কোটি টাকা বিনিয়োগ করা হয়। গ্রামীণফোন ২০০৮ এর প্রথম তিন মাসে সরকারি কোষাগারে ১১ হাজার ১২০ কোটি টাকা কর দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিএইচ/এমএ/১৮১০ঘ.
bdnews24