ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন চলতি বছরের তৃতীয় ভাগে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে পারে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্ডার্স ইয়েনসেন।
বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে গ্রামীণফোনের ত্রৈমাসিক আর্থিক বিবরণী প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী জানান, শেয়ার বাজারে তালিকাভুক্তির সিদ্ধান্তটি নির্ভর করছে প্রতিষ্ঠানের সব অংশীদারদের সিদ্ধান্তের ওপর।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছরের প্রথম তিন মাসে প্রতিষ্ঠানটি এক হাজার ৪৯০ কোটি টাকা আয় করেছে। আগের তিন মাসে আয়ের পরিমাণ ছিল এক হাজার ৪৩০ কোটি টাকা। ২০০৭ এ মোট আয় ছিল পাঁচ হাজার ৪৪০ কোটি টাকা। এ বছরের প্রথম তিন মাসে নতুন বিনিয়োগের ৫৬০ কোটি টাকাসহ প্রতিষ্ঠানটির মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ১১ হাজার ৭৪০ কোটি টাকা।
ইয়েনসেন জানান, সারা দেশে ১০ হাজার ৬০০ বেজ স্টেশনের মাধ্যমে দেশের ৯৮ শতাংশ জনগোষ্ঠীকে মোবাইল ফোন নেটওয়ার্কের আওতায় আনতে পেরেছে গ্রামীণ ফোন।
বর্তমানে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা এক কোটি ৮০ লাখ। এ বাজারের ৪৬ ভাগ নিয়ন্ত্রণ করছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিএইচ/জেকে/২২২০ ঘ.
bdnews24