২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিবি মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম বাড়ায় পুঁজিবাজার চাঙা

ব্যাংক, বীমা ও ওষুধ খাতের পাশাপাশি আইসিবি মিউচুয়াল ফান্ডের শেয়ারের ভালো কেনাবেচা হওয়ায় বুধবার পুঁজিবাজার আগের দিনের চেয়ে ভালোভাবে দিন শেষ করেছে। দেশের দুই শেয়ার বাজারেই বেড়েছে লেনদেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2008, 11:23 AM

Updated : 26 Aug 2022, 01:47 PM

ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাংক, বীমা ও ওষুধ খাতের পাশাপাশি আইসিবি মিউচুয়াল ফান্ডের শেয়ারের ভালো কেনাবেচা হওয়ায় বুধবার পুঁজিবাজার আগের দিনের চেয়ে ভালোভাবে দিন শেষ করেছে। দেশের দুই শেয়ার বাজারেই বেড়েছে লেনদেন। মধ্যস্ততাকারী প্রতিষ্ঠান অ্যাঙ্কর সিকিউরিটিজের এক কর্মকর্তা জানান, বিনিয়োগকারীদের মধ্যে ব্যাংক, বীমা, ওষুধ খাত ও আইসিবি মিউচুয়াল ফান্ডের শেয়ার কেনার আগ্রহ বেশি ছিল। কয়েকটি প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণার কারণে তাদের শেয়ারের দাম বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ভাইস প্রেসিডেন্ট আহমাদ রশিদ লালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাজারের অবস্থা সন্তোষজনক; লেনদেনের ধরনও পুরোপুরি স্বাভাবিক।" দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ১৮ দশমিক ৯৩ পয়েন্ট বা দশমিক ৬২ শতাংশ বেড়ে ৩০৭২ দশমিক ৮৫ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ১৪ দশমিক ৪৯ পয়েন্ট বা দশমিক ৫৬ শতাংশ বেড়ে হয়েছে ২৫৯৩ দশমিক ২৬ পয়েন্ট। তবে ডিএসই- ২০ ব্লুচিপ শেয়ার সূচক ২ দশমিক ৬৮ পয়েন্ট বা দশমিক ১১ শতাংশ কমে ২৩৫৫ দশমিক ২৪ পয়েন্ট হয়। ডিএসইতে ২৭২ কোটি টাকার এক কোটি ৩৪ লাখ ৩ হাজার ২৫০টি শেয়ার লেনদেন হয়। আগের দিনের লেনদেনের পরিমাণ ছিল ২৪৬ কোটি টাকা। ডিএসইতে ৭৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৬৭টির এবং অপরিবর্তিত ছিল ছয়টির দাম। ডিএসই লেনদেন তালিকার শীর্ষে থাকা এবি ব্যাংকের শেয়ারের দাম ৪ দশমিক ৬০ শতাংশ বেড়ে হয়েছে ৩৯৯৩ টাকা ২৫ পয়সা। এসিআই ফার্মাসিউটিক্যালসের শেয়ারের দাম ১২ দশমিক ১২ শতাংশ কমে ২৪৪ টাকা ৩০ পয়সা হয়। স্কয়ার ফার্মার শেয়ারের দাম দশমিক ০৯ শতাংশ বেড়ে ৪৫৫২ টাকা ২৫ পয়সায় পৌঁছায়। অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে আইএফআইসি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউসিবিএল ও উত্তরা ব্যাংকের শেয়ারের দাম বাড়লেও যমুনা অয়েল ও বেক্সিমকো ফার্মার শেয়ারের দাম কমেছে। এছাড়া সবগুলো আইসিবি (ইনভেস্টমেন্ট করপোরশেন অফ বাংলাদেশ) মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম বেড়েছে এদিন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সব শেয়ার সূচক ঊর্ধ্বমুখী ছিল। সিএসইতে ৪৩ কোটি ৫৩ লাখ ৩০ হাজার টাকার ২৩ লাখ ৭৯ হাজার ৩৯টি শেয়ার লেনদেন হয়। আগের দিনের লেনদেনের পরিমাণ ছিল ২৯ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা। সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ৫৬ দশমিক ০১ পয়েন্ট বা দশমিক ৬৫ শতাংশ বেড়ে ৮৬৫৫ দশমিক ৭৬ পয়েন্ট হয়। সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ৩৯ দশমিক ৯০ পয়েন্ট বা দশমিক ৭১ শতাংশ বেড়ে হয়েছে ৫৫৯৪ দশমিক ৩৭ পয়েন্ট। এছাড়া সিএসই- ৩০ ব্লুচিপ শেয়ার সূচক ৮৩ দশমিক ৩৫ পয়েন্ট বা এক দশমিক ১২ শতাংশ বেড়ে ৭৫০২ দশমিক ১৫ পয়েন্ট হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/এসএনডি/১৭১৭ ঘ.