ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী বাজেটে শ্রমঘন শিল্পকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ বলেছেন, বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টির জন্যই এমন এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে।
হয়রানি কমাতে নারী উদ্যোক্তা ও করদাতাদের জন্য রাজস্ব বোর্ডে একটি আলাদা 'হেল্প ডেস্ক' চালুর পরিকল্পনার কথাও জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান।
সোমবার বাংলাদেশ উইমেন চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই) আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান বলেন, "দেশে হাতে গোনা কয়েকটি বড় বড় শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠার চেয়ে গ্রামে-গঞ্জে ছোট ছোট অসংখ্য শিল্প-কারখানা হওয়া অনেক ভালো। কারণ এসব শিল্পে বেশি মানুষের কর্মসংস্থান হয়।"
রাজধানীর নয়াপল্টনের একটি হোটেলে ওই আলোচনায় আবদুল মজিদ বলেন, "দেশে বড় বড় শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠলে আমার কোনো আপত্তি নেই। তবে এসব বড় শিল্পে পণ্য উৎপাদনের জন্য যে উপকরণ দরকার- তা ছোট ছোট কারখানায় উৎপাদনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এতে বেশি মানুষের কাজের সুযোগ সৃষ্টি হবে।"
বিডব্লিউসিসিআই সভাপতি সেলিমা আহমেদের সভাপতিত্বে আলোচনায় মূল প্রবন্ধ পড়েন আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রুবা রুম্মানা।
এতে নারী উদ্যোক্তাদের জন্য নতুন বাজেটে একশ কোটি টাকার থোক বরাদ্দ রাখার সুপারিশ করা হয়। এছাড়া নারী উদ্যোক্তাদের করমুক্ত আয়ের সীমা তিন লাখ টাকা করার পাশাপাশি ভ্যাটের হার (মূল্য সংযোজন কর) ১৫ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব করা হয়।
আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, এনবিআর আয়কর অনু বিভাগের সদস্য পারসা বেগম, প্রথম সচিব (শুল্ক) জাকিয়া সুলতানা, বিডব্লিউসিসিআই সহ-সভাপতি সেলিনা কাদের প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/১৮২৫ ঘ.
bdnews24