ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় সোমবার দেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন কমেছে।
মধ্যস্ততাকারী প্রতিষ্ঠান লতিফ সিকিউরিটিজের একজন শীর্ষ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার তারা শেয়ার কেনার চেয়ে বিক্রির আবেদনই বেশি পেয়েছেন।
তবে কিছু প্রতিষ্ঠান লভ্যাংশ ও বিভিন্ন সুবিধা ঘোষণা করায় ওই সব শেয়ারের বিক্রি বেড়েছে বলেও জানান ওই কর্মকর্তা।
অবশ্য বাজার বিশ্লেষকরা বাজারের এই আচরণকে স্বাভাবিক বলেই মনে করছেন। তাদের মতে, গত কয়েকদিনের সাদামাটা লেনদেনের পর সূচকের সামান্য পতন ঘটতেই পারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী সালাহউদ্দিন আহমেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত কয়েকদিন বাজারে গড়পড়তা লেনদেন হয়েছে। এ অবস্থায় বিনিয়োগকারীরা হাতে থাকা শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নিতে পারেন তা আগেই অনুমান করা যাচ্ছিল।"
সোমবার দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ২৫ দশমিক ৪২ পয়েন্ট বা দশমিক ৮২ শতাংশ কমে তিন হাজার ৬১ দশমিক ৬৮ পয়েন্ট হয়।
ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ২০ দশমিক ৪৮ পয়েন্ট বা দশমিক ৭৮ শতাংশ কমে হয়েছে দুই হাজার ৫৮৬ দশমিক ৪৪ পয়েন্ট।
এছাড়া ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ২১ দশমিক ০৭ পয়েন্ট বা দশমিক ৮৭ শতাংশ কমে দুই হাজার ৩৮০ দশমিক ১৮ পয়েন্ট হয়েছে।
ডিএসইতে এদিন ২৬৫ কোটি টাকার এক কোটি ৫৯ লাখ ৫৩ হাজার ২৫৬টি শেয়ার লেনদেন হয়। এ বাজারে ২০৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে, বেড়েছে ৩৮টির এবং অপরিবর্তিত ছিল নয়টির দাম।
লেনদেনের তালিকার শীর্ষে থাকা এবি ব্যাংকের শেয়ারের দাম দশমিক ৪৭ শতাংশ বেড়ে হয়েছে তিন হাজার ৭৭৭ টাকা ২৫ পয়সা।
তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ইউসিবিএল এর শেয়ারের দাম এক দশমিক ৯০ শতাংশ বেড়ে পাঁচ হাজার ৮১ টাকা হয়।
তবে মুনাফা তুলে নেওয়ায় কেয়া কসমেটিক্সের শেয়ারের দাম চার দশমিক ৭৫ শতাংশ কমে ৭০ টাকা ১০ পয়সায় পৌঁছেছে। স্কয়ার ফার্মার দাম দশমিক ৮৬ শতাংশ কমে হয়েছে চার হাজার ৫৭০ টাকা ৭৫ পয়সা।
এ ছাড়া যমুনা তেল কোম্পানির শেয়ারের দাম এক দশমিক ৬৫ শতাংশ কমে ২৬৬ টাকা ৬০ পয়সা হয়।
ডিএসইতে অন্যান্য কোম্পানির মধ্যে এসিআই ও বেক্সিমকো ফার্মার শেয়ারের দাম কমেছে। বেড়েছে আইএফআইসি ব্যাংক, প্রগতি ইন্সুরেন্স ও বিএটিবিসির শেয়ারের দাম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) এদিন সব শেয়ার সূচক ছিল নিম্নমুখী।
এ বাজারে সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ১৩ দশমিক ৬৫ পয়েন্ট বা দশমিক ২৪ শতাংশ কমে হয়েছে পাঁচ হাজার ৫৪৫ দশমিক ৭৯ পয়েন্ট। সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ২০ দশমিক ৬৬ পয়েন্ট বা দশমিক ২৩ শতাংশ কমে হয়েছে আট হাজার ৫৯৩ দশমিক ৮৯ পয়েন্ট। এছাড়া সিএসই-৩০ ব্লুচিপ শেয়ার সূচক ৭৫ দশমিক ৮১ পয়েন্ট বা এক শতাংশ কমে সাত হাজার ৪৩১ দশমিক ৮৮ পয়েন্ট হয়।
সিএসইতে ৩২ কোটি ৮৩ লাখ ৭০ হাজার টাকার ২৩ লাখ ৯০ হাজার ১৪৪টি শেয়ার লেনদেন হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/জেকে/১৭২০ ঘ.
bdnews24