ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে লন্ডন ইন্টারব্যাংক অর্ফাড রেটের (লাইবর) সঙ্গে আরও ১ দশমিক ৭৫ শতাংশ হার সুদে ২০ কোটি ডলার ঋণ দিতে রাজি হয়েছে ইসলামিক ডেভলপমেন্ট ব্যাংক (আইডিবি)।
জ্বালানি বিভাগের সচিব মোহাম্মদ মহসীন রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আইডিবি এই ঋণের ব্যাপারে সরকারের প্রস্তাব মেনে নিয়েছে।
লাইবর হচ্ছে আন্তব্যাংক ঋণ লেনদেনের ক্ষেত্রে লন্ডন ব্যাংকার্স অ্যাসেসিয়েশনের বেঁধে দেয়া সুদের হার। বিশ্বের বড় বড় ঋণ প্রদানকারী ব্যাংকগুলোর আন্তব্যাংক ঋণের সুদের হারের গড় করে প্রতিদিন এই হার নির্ধারণ করা হয়। চলতি সপ্তাহের হিসাব অনুযায়ী, এক মাসের জন্য এই হার ২ দশমিক ৯ শতাংশ। আর ১ বছরের জন্য সুদের হার দাঁড়াবে ৩ দশমিক ০৭ শতাংশ।
পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জন্য জ্বালানি তেল আমদানির অর্থ যোগাতে গত ২০ এপ্রিল অর্থ উপদেষ্টার সভাপতিত্বে এক সভায় আইডিবি থেকে ২০ কোটি ডলার ঋণ নেওয়ার সিদ্ধান্ত হয়।
ওই সিদ্ধান্ত অনুযায়ী সরকার লাইবর এর সঙ্গে ১ দশমিক ৭৫ শতাংশ সুদে আইডিবির কাছ থেকে ২০ কোটি ডলার ঋণ চায়।
আইডিবি আগে এই হারে বাংলাদেশ সরকারকে ঋণ দিলেও এবার তারা শর্ত দেয়, লাইবর এর সঙ্গে এমন হারে সুদ যোগ করতে হবে যাতে কোনও অবস্থাতেই মোট সুদের হার ৫ দশমিক ৫ শতাংশের কম না হয়।
জ্বালানি বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঋণের বিষয়টি নিয়ে দর কষাকষি চলার পর গত সপ্তাহে আইডিবি জ্বালানি বিভাগে চিঠি দিয়ে জানায়, তারা প্রস্তাবিত সুদেই ঋণ দিতে রাজি।
এদিকে সরকার গত ৩১ মার্চ বিপিসির জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে লাইবর এর সঙ্গে আরও ১ দশমিক ৭৯ শতাংশ হার সুদে ৩০ কোটি ডলার ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে এ ঋনের টাকা জুনের আগে পাবে না বিপিসি। গত ২০ এপ্রিল সরকারিভাবেও বিপিসিকে তিন শতাংশ সুদে ১ হাজার কোটি টাকা ঋণ দেয়া হয়।
বিপিসির চেয়ারম্যান আনোয়ারুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো না। এ সঙ্কটের কারণে জ্বালানি তেলের দু'টি আমদানি চালান বাতিল হয়েছে। তবে সমস্যা হবে না। আমরা তেল আনার ব্যবস্থা করছি।"
তিনি জানান, জেট ফুয়েলের মজুদ কমে আসলেও মে মাসের প্রথম ভাগেই নতুন চালান চলে আসবে। এছাড়া বর্তমানে ২ লাখ টন ডিজেল মজুদ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/এমএইচবি/২০৫৭ ঘ.
bdnews24