ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাজারে প্রবেশের প্রথম দিনে ঋণদাতা প্রতিষ্ঠান ডেল্টা ব্র্যাক হাউজিং (ডিবিএইচ) এর শেয়ারের দাম অভিহিত মূল্যের ১৫গুণ বেড়ে যাওয়ার মধ্য দিয়ে বৃহস্পতিবার চাঙাভাবে সপ্তাহ শেষ করলো পুঁজি বাজার।
তবে সূচক বাড়লেও দুই শেয়ার বাজারেই লেনদেনের পরিমাণ কমেছে।
মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান লতিফ সিকিউরিটিজের এক কর্মকর্তা বলেন, "বিনিয়োগকারীরা এদিন ব্যাংক, তেল, ওষুধ, মিউচুয়াল ফান্ড, সিমেন্ট ও চামড়া খাতের শেয়ার বিক্রি করেছেন। আর কিনেছেন বিদ্যুৎ খাতের শেয়ার। তবে সূচক বাড়ার পেছনে ডিবিএইচ এর শেয়ারের প্রভাব ছিল সবচেয়ে বেশি।"
ডিএসই প্রধান নির্বাহী সালাহউদ্দীন আহমেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "লেনদেনের ধরন আগের দু'দিনের মতোই ছিল। তবে ডিবিএইচ শেয়ারের দাম বাড়ায় সূচক এতখানি বেড়েছে।"
দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ২৬ দশমিক ০২ পয়েন্ট বা দশমিক ৮৫ শতাংশ বেড়ে ৩০৭৯ দশমিক ৩৪ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ১৮ দশমিক ৭৫ পয়েন্ট বা দশমিক ৭২ শতাংশ বেড়ে হয়েছে ২৫৯৯ দশমিক ৬০ পয়েন্ট। ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ২৫ দশমিক ৯৫ পয়েন্ট বা এক দশমিক ০৯ শতাংশ বেড়ে ২৩৯৪ দশমিক ৮৭ পয়েন্ট হয়।
দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩০২ কোটি টাকার এক কোটি ৫৪ লাখ ৫৪ হাজার ৫৬১টি শেয়ার লেনদেন হয়। আগের দিনের লেনদেনের পরিমাণ ছিল ৩১৪ কোটি টাকা। ডিএসইতে ৮৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত ছিল ছয়টির দাম।
লেনদেনের তালিকার শীর্ষে থাকা ডিবিএইচ এর শেয়ারের দাম দিনশেষে হয়েছে ১৫৬৩ টাকা ২৫ পয়সা। প্রতিষ্ঠানটির শেয়ারের অভিহিত মূল্য ছিল ১০০ টাকা
স্কয়ার ফার্মার শেয়ারের দাম দশমিক ১৪ শতাংশ বেড়ে ৪৫৬৬ টাকা হয়। এবি ব্যাংকের শেয়ারের দাম দশমিক ৯৫ শতাংশ বেড়ে ৩৬৮৩ টাকা ২৫ পয়সায় পৌঁছায়। ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর (বিএটিবিসি) শেয়ারের দাম ১২ দশমিক ২৬ শতাংশ বেড়ে ১৭০ টাকা ২০ পয়সা হয়। ইউসিবিএল এর শেয়ার দশমিক ০৮ শতাংশ কমে ৪৮৯৯ টাকা ২৫ পয়সা হয়েছে।
অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নেওয়ায় যমুনা অয়েল, এসিআই, হাইডেলবার্গ সিমেন্ট ও আইএফআইসি ব্যাংকের শেয়ারের দাম কমেছে। তবে বিদ্যুৎ খাতে ডেসকোর শেয়ারের দাম বেড়েছে।
সিরামিক, বস্ত্র, বীমা ও অন্যান্য খাতের শেয়ারের দাম বাড়ায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব শেয়ার সূচক ঊর্ধ্বমুখী ছিল। সিএসইতে ৩৯ কোটি ৯৪ লাখ টাকার ২৫ লাখ ৭১ হাজার ৭০৮টি শেয়ার লেনদেন হয়। বুধবার লেনদেনের পরিমাণ ছিল ৪৪ কোটি ৬১ লাখ ৭০ হাজার টাকা।
সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ১৮ দশমিক ০৩ পয়েন্ট বা দশমিক ২১ শতাংশ বেড়ে ৮৫৭১ দশমিক ৬১ পয়েন্ট হয়। সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ১০ দশমিক ৪৬ পয়েন্ট বা দশমিক ১৮ শতাংশ বেড়ে হয়েছে ৫৫৩২ দশমিক ৮৫ পয়েন্ট। এছাড়া সিএসই-৩০ ব্লুচিপ শেয়ার সূচক ৫৯ দশমিক ০৫ পয়েন্ট বা দশমিক ৭৯ শতাংশ বেড়ে ৭৪৫৫ দশমিক ০৩ পয়েন্ট হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/এমএ/১৯০০ঘ.
bdnews24