২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে টেকসই রাজস্ব আদায় ব্যবস্থা দরকার: টমাস র‌্যামবো

চলতি বছর প্রাকৃতিক দুর্যোগ ও খাদ্যপণ্যের দাম বৃদ্ধিসহ বেশ কিছু অর্থনৈতিক বাধা মোকাবেলার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে একটি টেকসই রাজস্ব আদায় ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন বলে মত প্রকাশ করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপদেষ্টা টমাস র‌্যামবাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2008, 12:30 PM

Updated : 26 Aug 2022, 01:45 PM

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চলতি বছর প্রাকৃতিক দুর্যোগ ও খাদ্যপণ্যের দাম বৃদ্ধিসহ বেশ কিছু অর্থনৈতিক বাধা মোকাবেলার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে একটি টেকসই রাজস্ব আদায় ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন বলে মত প্রকাশ করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপদেষ্টা টমাস র‌্যামবাও। বৃহস্পতিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলামের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। আইএমএফ উপদেষ্টা বলেন, "প্রাকৃতিক দুর্যোগসহ জ্বালানি তেল ও খাদ্যদ্রব্যের দাম বাড়ায় এ বছর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে।" চলতি বছর রাজস্ব আদায়ে অগ্রগতির কথা উল্লেখ করে র‌্যামবাও বলেন, "পুরো কৃতিত্বই জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)।" তবে এই ধারা অব্যাহত রাখতে একটি টেকসই রাজস্ব আদায় ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি। অর্থ উপদেষ্টা সাংবাদিকদের জানান, আইএমএফ উপদেষ্টার সঙ্গে বৈঠকে দেশের অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি। আইএমএফ এর আবাসিক প্রতিনিধি জোনাথন ডান বৈঠকে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/জেকে/এমএ/১৮২৫ঘ.